২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে তালেবানদের বিরুদ্ধে সেনা অভিযান শুরু

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবানদের অগ্রগতি রোধ করতে রোববার অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের লোয়ার দির জেলায় অভিযানে সেনাবাহিনী এবং জঙ্গিদের সংঘর্ষে এক সেনাসদস্য ও এক জঙ্গি কমান্ডারসহ বহু জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ইসলামাবাদ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবানদের অগ্রগতি রোধ করতে রোববার অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের লোয়ার দির জেলায় অভিযানে সেনাবাহিনী এবং জঙ্গিদের সংঘর্ষে এক সেনাসদস্য ও এক জঙ্গি কমান্ডারসহ বহু জঙ্গি নিহত হয়েছে। তিনি বলেন, "লোয়ার দির এলাকায় ব্যাপক গোলাগুলি চলছে।" এক সেনাকর্মকর্তা জানিয়েছেন, জঙ্গিদের সঙ্গে তুমুল লড়াইয়ের পর নিরাপত্তা বাহিনী লাল কুইলা এলাকা দখল করে নিয়েছে। আধাসামরিক বাহিনী 'ফ্রন্টিয়ার কোর' এর একটি বহরে জঙ্গিরা গুলি চালানোর পর সেনাবাহিনী এই অভিযান শুরু করে। জঙ্গিদের গুলিতে চার সেনা আহত হয়েছে। এর আগে উত্তরপশ্চিমাঞ্চলে সেনা অভিযানের আশঙ্কায় সরকার ও তালেবানদের মধ্যে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়ে বুনার জেলায় রোববার সমাবেশ করেছে হাজার হাজার অধিবাসী। তালেবানরা রাজধানীর দিকে অগ্রসর হওয়ায় পরমাণু শক্তিধর মুসলিম মিত্র পাকিস্তানের স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। সোয়াত উপত্যকায় শরিয়া আইন চালুর পর তালেবানরা এখন সেখান থেকে পার্শ্ববর্তী বুনার অগ্রসর হয়েছে। তবে তালেবান কমান্ডাররা গত শুক্রবার তাদের কিছু যোদ্ধাকে বুনার থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন কর্মকর্তারা চাইছেন, শান্তি রক্ষার স্বার্থে জঙ্গিদের হাতে আরও বেশি এলাকা ছেড়ে না দিয়ে পাকস্তান কঠোর পদক্ষেপ গ্রহণ করুক। বুনারের অধিবাসীদের আশঙ্কা, লড়াই শুরু হলে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে হবে। এজন্য সংঘাত থেকে বিরত থাকার জন্য তারা রোববার সমাবেশ করে সেনাবাহিনী এবং তালেবানদের প্রতি সংঘাত এড়ানোর আহ্বান জানায়। রাজনীতিবীদ মইন সাইদ লাইক সমাবেশে বলেন, "শক্তি ও অস্ত্র প্রদর্শণ বন্ধ করার জন্য আমরা তালেবানদের প্রতি আহ্বান জানিয়েছে। শরিয়া আইন চালুর পর এখন এর আর কোনো প্রয়োজন নেই।" শান্তি বজায় রাখার স্বার্থে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি গত সপ্তাহে মালাকান্দ বিভাগে শরিয়া আইন চালুর দাবি মেনে নেন। সোয়াত উপত্যকা ও বুনার জেলা মালাকান্দের অন্তর্ভূক্ত। তালবানরা শান্তি বজায় রাখার পরও বুনারে সেনা অভিযানের বিষয়ে সরকারকে সতর্ক করে দিয়েছেন ধর্মীয় নেতা মিসবাহউদ্দিন মালিকপুরি। সমাবেশে তিনি বলেন, "তালেবানরা শান্তি বজায় রাখার পরও সরকার বুনারে সেনা মোতায়েন করলে আমরা তালেবানদের পক্ষে যোগ দেব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২১ ঘ.