সউল, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া গত মাসে গ্রেপ্তার করা দুই মার্কিন সাংবাদিককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। সম্প্রতি একগুঁয়েমি করে রকেট উৎক্ষেপণের পর শুক্রবার পিয়ংইয়ংয়ের এই ঘোষণায় যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের সঙ্গে উত্তেজনা আরও বাড়বে।
ইউনা লী এবং লরা লিং নামের ওই দুই সাংবাদিককে উত্তর কোরিয়া মার্চ মাসে এর চীন সীমান্ত থেকে গ্রেপ্তার করে।
দেশটির কেসিএনএ বার্তা সংস্থা এক সংক্ষিপ্ত বার্তায় বলেছে, "উত্তর কোরিয়ার রাষ্ট্রব্যবস্থা যুক্তরাষ্ট্রের দুই সাংবাদিকের ব্যাপারে পূর্ণতদন্ত শেষ করেছে। এই দুজনের কৃত নিশ্চিত অপরাধের জন্য তাদের বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
ইউনা এবং লরা যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক টেলিভিশন 'কারেন্ট টিভি' তে কাজ করেন। তাদের বিরুদ্ধে 'শত্র" ভাবাপন্ন' উদ্দেশ্য নিয়ে উত্তর কোরিয়ার ভূখণ্ডে প্রবেশের অভিযোগ আনা হয়েছে।
তাদের বিচারের মুখোমুখি করার ব্যাপারে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি।
ওয়াশিংটন কয়েকদিন আগে বলেছে, দুই সাংবাদিকের মুক্তি আদায়ের লক্ষ্যে তারা বিভিন্ন মারফত পিয়ং ইয়ংয়ের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে। ঠিক কী পরিস্থিতি ও কারণে এক ভোররাতে চীন সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাও যুক্তরাষ্ট্রের কাছে পরিষ্কার নয় বলে জানানো হয়েছে।
১৯৯৬ সালে আরেক মার্কিন নাগরিক চীন ও উত্তর কোরিয়ার মধ্যবর্তী ইয়ালু নদী অতিক্রম করার সময় গ্রেপ্তার হন। সে সময় আলাপ-আলোচনার মাধ্যমে উত্তর কোরিয়ার কাছ থেকে তার মুক্তি আদায় করতে যুক্তরাষ্ট্রের তিন মাস সময় লেগেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৫৪ ঘ.
bdnews24