নম পেন, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কম্বোডিয়ায় খেমাররুজ শাসক পল পটের আমলের প্রধান কারারক্ষক ডাচ বৃহস্পতিবার আদালতকে জানিয়েছেন, শীর্ষ খেমাররুজ নেতাদের নির্দেশেই কুখ্যাত এস-টোয়েন্টিওয়ান কারাগারে হাজার হাজার বন্দিকে নির্যাতন ও হত্যা করা হয়েছিল।
১৯৭৫ থেকে ১৯৭৯ সালে খেমাররুজ শাসনামলে প্রায় ১৭ লাখ মানুষ হত্যার অভিযোগে পল পটের যে শীর্ষ পাঁচ সহযোগীর বিচার চলছে ডাচ তাদের একজন।
ডাচ জানিয়েছেন, 'ব্রাদার নাম্বার ওয়ান' পল পটের সভাপতিত্বে অনুষ্ঠিত শীর্ষ খেমাররুজ নেতাদের এক বৈঠকে এস-টোয়েন্টিওয়ান কারাগারের বন্দিদের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
১৯৭৫ সালের ৯ অক্টোবরের ওই বৈঠক সম্পর্কে তিনি বলেন, "সিদ্ধান্ত ছিল যাকেই আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে শেষ করে ফেলতে হবে। অর্থাৎ, তাকে হত্যা করতে হবে।"
৬৬ বছর বয়স্ক ডাচের আসল নাম কাইং গুয়েক ইভ। তিনি ছিলেন এস-টোয়েন্টিওয়ান কারাগারের প্রধান। বিপ্লবের বিরোধিতা করায় ১৪ হাজারের বেশি মানুষকে ওই কারাগারে আটকে রেখে নির্যাতন ও হত্যা করা হয়েছিল।
যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে জাতিসংঘ ও কম্বোডিয়ার যৌথভাবে গঠিত এই আদালতে ডাচের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। কম্বোডিয়ার মৃত্যুদণ্ডের বিধান নেই।
এস-টোয়েন্টিওয়ান কারগার কিভাবে চলত বৃহস্পতিবার সে বর্ণনা দেন ডাচ। তিনি জানান, প্রধান কারারক্ষী হিসেবে তিনি তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী সন সেনের নির্দেশে কাজ করতেন।
ডাচ বলেন, "পল পট সিদ্ধান্ত নিতেন, আর সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেন সন সেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৫৫ ঘ.
bdnews24