২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান-নিয়ন্ত্রিত বুনারে সেনা পাঠিয়েছে পাকিস্তান

তালেবান-নিয়ন্ত্রিত বুনার জেলায় বৃহস্পতিবার আধাসামরিক বাহিনী মোতায়েন করেছে পাকিস্তান। ইসলামাবাদ ওই অঞ্চলে ইসলামিক শরিয়া আইন চালু করতে রাজি হয়ে জঙ্গিদের কাছে নতি স্বীকার করেছে--- ওয়াশিংটনের এই মন্তব্যের পর পাকিস্তান ওই পদক্ষেপ নিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 11:19 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

মিঙ্গোরা, পাকিস্তান, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তালেবান-নিয়ন্ত্রিত বুনার জেলায় বৃহস্পতিবার আধাসামরিক বাহিনী মোতায়েন করেছে পাকিস্তান। ইসলামাবাদ ওই অঞ্চলে ইসলামিক শরিয়া আইন চালু করতে রাজি হয়ে জঙ্গিদের কাছে নতি স্বীকার করেছে--- ওয়াশিংটনের এই মন্তব্যের পর পাকিস্তান ওই পদক্ষেপ নিল। পাকিস্তান জুড়ে ক্রমবর্ধমান সহিংসতা এবং উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবানদের প্রভাব বাড়তে থাকায় দেশটির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আফগানিস্তানকে স্থিতিশীল করতে পাকিস্তানের স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তানের পুলিশ জানিয়েছে, "বুনার জেলায় আধাসামরিক বাহিনীর প্রায় ১০০ সেনা পাঠানো হয়েছে।" পুলিশের ডেপুটি সুপারইন্টেনডেন্ট রয়টার্সকে বলেন, "নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীকে সহায়তা করতে সেনারা ওই জেলায় পৌঁছেছে।" বল প্রয়োগ করে জঙ্গি তৎপরতা ঠেকাতে ব্যর্থ হয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গত সপ্তাহে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার মুখেও সোয়াত উপত্যকা ও এর আশেপাশের এলাকায় তালেবানদের দাবি মেনে ইসলামিক শরিয়া আইন অনুমোদন করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বুধবার বলেছেন, সোয়াত চুক্তি করে সরকার তালেবানদের কাছে নতি স্বীকার করেছে। ফলে দেশটি এখন বিশ্বের জন্য 'ভয়াবহ হুমকি' হয়ে উঠেছে। পাকিস্তান সরকার সোয়াত উপত্যকায় ইসলামিক শরিয়া আইন অনুমোদন করার কয়েক দিনের মধ্যেই জঙ্গিরা কাছাকাছি বুনার জেলায় ঢুকে পড়ে ইসলামিক শাসন কায়েম করার চেষ্টা চালাচ্ছে। অস্ত্রসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়ে তারা দেশজুড়ে ইসলামিক শরিয়া আইন চালুর লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৯ ঘ.