ব্রাসেলস, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলদস্যুদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে আরও তহবিল আহ্বান করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট শেখ শরীফ আহমেদ এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ব্রাসেলসে বৃহস্পতিবার আয়োজিত সম্মেলনে বান এবং শরীফ একযোগে এই আহ্বান জানান।
সোমালিয়ার নতুন সরকারকে আফ্রিকার দেশগুলোর সমুদ্র উপকূলে জাহাজ ছিনতাই ঠেকানো এবং নিরাপত্তা বাড়াতে সহায়তা করার জন্য সম্মেলনে দাতাদের কাছ থেকে ২৫০ মিলিয়নেরও বেশি ডলারের আবেদন জানান বান এবং শরীফ।
সম্মেলনে বান বলেন, "সংহতির প্রচেষ্টায় সফলতা এবং ঐক্য সরকারের টিকে থাকার জন্য সোমালিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করাটা জরুরি।" তিনি বলেন, "অনেক কিছুই করার আছে।"
তবে বান আবারও জানিয়ে দেন, সোমালিয়ায় জরুরি ভিত্তিতে জাতিসংঘ বাহিনী পাঠানোর ইচ্ছা তার নেই। তিনি বলেন, "পরিবেশ, পরিস্থিতি শান্তিরক্ষা কার্যকমের উপযোগী হলেই কেবল সে উদ্যোগ নেওয়া হতে পারে।"
বান ও আফ্রিকান ইউনিয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ব্রাসেলস সম্মেলন।
আয়োজকরা বলছেন, সোমালিয়ার নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের জন্য আগামী বছর ২৫০ মিলিয়ন ডলারেরও বেশি তহবিল প্রয়োজন। ইইউ কর্মকর্তারা বলেছেন, ১০ হাজার সদস্যের পুলিশ বাহিনী এবং ৫ হাজার সদস্যের নিরাপত্তা বাহিনী গড়ে তোলাই এর মূল লক্ষ্য। পাশাপাশি সোমালিয়া ৪ হাজার ৩০০ সদস্যের শক্তিশালী আফ্রিকান ইউনিয়ন মিশনের 'এএমআইএসওএম' সহায়তাও চায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৯ ঘ.
bdnews24