২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহমাদিনেজাদ বর্ণবাদ সম্মেলনের অপব্যবহার করেছেন: বান

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বিরুদ্ধে বর্ণবাদ সম্মেলনের অপব্যবহারের অভিযোগ করেছেন মহাসচিব বান কি মুন। সম্মেলনে আহমাদিনেজাদ ইসরায়েলের ফিলিস্তিন নীতি বর্ণবাদী বলে সমালোচনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 02:24 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ভাল্লেত্তা এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বিরুদ্ধে বর্ণবাদ সম্মেলনের অপব্যবহারের অভিযোগ করেছেন মহাসচিব বান কি মুন। সম্মেলনে আহমাদিনেজাদ ইসরায়েলের ফিলিস্তিন নীতি বর্ণবাদী বলে সমালোচনা করেন। মঙ্গলবার মাল্টা সফরকালে বান বলেন, "ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক উদ্দেশ্যে সম্মেলনের অপব্যবহার করাটা দুঃখজনক।" আহমাদিনেজাদ সোমবার জেনেভায় জাতিসংঘের বর্ণবাদ বিষয়ক সম্মেলনে ফিলিস্তিনের প্রতি আচরণের ভিত্তিতে 'ইসরায়েলকে সবচেয়ে নিষ্ঠুর ও নিপীড়ক বর্ণবাদী শাসক' বলে সমালোচনা করেন। তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে পশ্চিমা দেশগুলোর প্রায় ২০ জন প্রতিনিধি সম্মেলন থেকে ওয়াকআউট করে। পশ্চিমা দেশগুলোর পাশাপাশি মানবাধিকার গ্র"পগুলোও তার বক্তব্যের সমালোচনা করে। কয়েকটি দেশ সম্মেলন বয়কট করার কারণেও বান দুঃখ প্রকাশ করেন। বর্ণবাদ সম্মেলন ইসরায়েলকে সমালোচনা করার প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহৃত হতে পারে আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ আরও বেশ কয়েকটি দেশ সম্মেলন বয়কট করে। বান বলেন, "বক্তব্যের আগে আমি প্রেসিডেন্ট আহমাদিনেজাদের সঙ্গে দীর্ঘক্ষণ দ্বিপক্ষীয় বৈঠক করেছি। সম্মেলনে একমাত্র সরকার প্রধান হিসাবে তার উপস্থিতির কারণে ভারসাম্যপূর্ণ এবং গঠণমূলক বক্তব্য দেওয়ার জন্য আমি তাকে অনুরোধও জানিয়েছি।" বান বলেন, সব সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হলেও সম্মেলনে কেবলমাত্র আহমাদিনেজাদই যোগ দিয়েছেন। সেকারণে তাকেই প্রথমে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৯ ঘ.