ইসলামাবাদ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান বরাবরই জঙ্গি তৎপরতা বন্ধের ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করে আসছে। কিন্তু তালেবান হুমকি অস্বীকার করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের দ্বিধাদ্বন্দ্ব এবং পাকিস্তানের জনমনে যুক্তরাষ্ট্রবিরোধী ক্ষোভের কারণে জঙ্গি তৎপরতার রাশ টেনে ধরা যাচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে জঙ্গি সহিংসতা বাড়ার পাশাপাশি দেশের কিছু কিছু জায়গা তাদের কব্জায় চলে আসা এবং অন্যান্য আরও জায়গায় তাদের অনুপ্রবেশের কারণে পাকিস্তানে তালেবানদের প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।
পরমাণু শক্তিধর পাকিস্তান আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের থাবার মুখে পড়ায় দেশটি এর প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন্যও মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে করে আফগানিস্তানকে স্থিতিশীল করার মার্কিন প্রচেষ্টাও মুখ থুবড়ে পড়তে পারে।
বোস্টন বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সম্পর্কের অধ্যাপক আদিল নাজাম বলেন, "অনেক বেশি উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।"
"মনে হচ্ছে সেনাবাহিনীসহ প্রত্যেকেই পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। তারা লড়াই ছেড়ে দিয়েছে বলে আমি মনে করি না। তবে তারা কী করতে পারে সেটাও তারা জানে বলে মনে হচ্ছে না।"
জঙ্গিদের বিরুদ্ধে পদেক্ষেপ জোরদার করার অঙ্গীকার করে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শুক্রবার টোকিওতে দাতাদের কাছ থেকে ৫ বিলিয়ন ডলারের বেশি সাহায্যের প্রতিশ্র"তি আদায় করতে সক্ষম হয়েছেন।
দাতাদের এই প্রতিশ্র"তির পর শেয়ার বাজার কিছুটা চাঙ্গা হয়েছে। তবে হতাশা পুরোপুরি কাটেনি।
লাহোরে দুঃসাহসী জঙ্গি হামলা এবং গত কয়েক সপ্তাহে আরও অনেক হামলার পর পাকিস্তান সরকারের আত্মবিশ্বাস কমে গেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোহাত শহরের কাছে শনিবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হয়েছে সেনা ও পুলিশ বাহিনীর ২৫ সদস্য এবং দুই পথচারী।
বিশ্লেষকরা জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলে পঞ্জাব প্রদেশে এবং করাচি শহরে জঙ্গিরা ঢুকে পড়ছে। এছাড়া, লাল-মসজিদ ঘটনার সঙ্গে জড়িত এক ধর্মীয় নেতার জামিনে মুক্তির ঘটনায় এ ধারণাই আরও জোরালো হয়েছে যে, জঙ্গিরা সক্রিয় আছে।
বিশ্লেষক হাসান আসকারি রিজভি ডন টেলিভিশনকে বলেন, "খোদ ইসলামাবাদই যে এখন জঙ্গি হুমকির মুখে আছে সরকার তা স্বীকার করছে না।"
জোর সামরিক অভিযান নাকি শান্তি প্রচেষ্টা-- এ দুই বিকল্পের মধ্যে কোনটিকে বেছে নেওয়া হবে তা নিয়ে সরকার দ্বিধায় থাকায় জঙ্গিরা আরও শক্তিশালী হয়ে ওঠার সুযোগ পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্র"পের পাকিস্তান পরিচালক সামিনা আহমেদ বলেন, "সরকার নিজেদের দুর্বল অবস্থানের কারণেই জঙ্গিদের সঙ্গে শান্তিচুক্তি করছে। এতে করে ফায়দা লুটছে জঙ্গিরা। এটি অত্যন্ত ভয়াবহ ব্যাপার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ড৪টকম/এফএইচবি/এলকিউ/১৯৫৭ ঘ.
bdnews24