ব্যাংকক, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের জরুরি অবস্থা আরও এক সপ্তাহ বহাল থাকতে পারে বলে রোববার জানিয়েছেন প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভা ।
সাপ্তাহিক টেলিভিশন ভাষণে অভিসিৎ দীর্ঘ রাজনৈতিক সংকট সমাধানে ২০০৭ সালের বিতর্কিত সংবিধান সংশোধনের পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন।
ব্যাংককের জরুরি অবস্থা সম্পর্কে তিনি বলেন, "আমি আশা করছি, আগামী রোববার আমি আবার যখন আপনাদের মুখোমুখি হব তখন সবকিছু স্বাভাবিক হয়ে আসবে এবং সমাজে শান্তি ফিরে আসবে।"
সপ্তাহব্যাপী বিক্ষোভ এবং এতে দুজন নিহত হওয়ার পর জরুরি অবস্থা জারি এবং আসিয়ান সম্মেলন বাতিল করেছিল সরকার।
ব্যাংকক এবং এর আশপাশের এলাকায় এখনও জরুরি অবস্থা বহাল আছে। তবে নগরবাসীর স্বাভাবিক জীবন যাত্রা প্রায় তেমন ব্যাহত হচ্ছে না। কোনো কারফিউ দেওয়া হচেছ না এবং শহরের মধ্যে পর্যটকদের কয়েকটি এলাকা ছাড়া অন্য অংশে সেনাবাহিনীও চোখে পড়ে না।
শুক্রবার গুলিবিদ্ধ 'ইয়োলো শার্ট' আন্দোলনের নেতা সোন্ধি লিমথংকুলের হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির প্রতিশ্র"তি দিয়েছেন অভিসিৎ। মাথায় গুলিবিদ্ধ সোন্ধি অবস্থা এখনও স্থিতিশীল।
শুক্রবারের ওই ঘটনার পর আবার নতুন করে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সন্ধি সমর্থকদের বিক্ষোভ বন্ধের আহ্বান জানিয়ে অভিসিত বলেন, "এতে সহিংসতা আরও বাড়তে পারে। আপনারা নিশ্চিত থাকেন, সরকার দ্রুত এবং স্বচ্ছভাবে এই ঘটনার সুরাহা করবে।"
"অনুগ্রহ করে এই ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা আর বাড়াবেন না, তাহলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৩২ ঘ.
bdnews24