ইসলামাবাদ, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোয়াত উপত্যকায় ইসলামিক শরিয়া আইন অনুমোদন করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সোয়াতে সহিংসতা অবসানে তালেবানদের সঙ্গে সরকারের শন্তিচুক্তির অংশ হিসাবে জারদারি এ আইন অনুমোদন করলেন।
পাকিস্তানের জাতীয় পরিষদ সোমবার জারদারিকে শরিয়া আইন অনুমোদনের সুপারিশসহ সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাসের পর তিনি এ আইন চালুর বিধান স্বাক্ষর করেন। এপিপি বার্তা সংস্থা একথা জানিয়েছে।
জাতীয় পরিষদের প্রস্তাবনায় বলা হয়, তালেবানদের সঙ্গে শান্তিচুক্তির ফলে সোয়াতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ফলে এর ভিত্তিতে প্রস্তাবনায় জারদারিকে সেখানে শরিয়া আইন অনুমোদন করতে বলা হয়।
সোয়াতে সহিংসতা অবসানের চেষ্টায় পাকিস্তান সরকার ফেব্র"য়ারিতে তালেবানদের ইসলামিক শরিয়া আইন চালুর দাবি মেনে তাদের সঙ্গে শান্তিচুক্তি করে। তবে সমালোচকরা বলছেন, এতে করে জঙ্গিরা জঙ্গি তৎপরতায় আরও উৎসাহিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩২ ঘ.
bdnews24