ওয়াশিংটন, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় মূল শর্ত বাদ দিতে পারে যুক্তরাষ্ট্র। ইরান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসলে তাদেরকে অবিলম্বে এই কর্মসূচি বন্ধ করতে বলার দীর্ঘদিনের মার্কিন দাবি ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করছে ওবামা প্রশাসন ও এর ইউরোপীয় মিত্ররা। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' সোমবার তাদের ওয়েবসাইটে এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ওই দাবি ছাড়ার নতুন প্রস্তাব দিলে ইরান আলোচনা চলার সময়টিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পাবে। বুশ প্রশাসনের তুলনায় এটি মার্কিন নীতির একটি বড় ধরনের পরিবর্তন। বুশ প্রশাসন ইরানের সঙ্গে আলোচনার শর্ত হিসাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি জানিয়েছিল।
সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু বোমা তৈরিতে কাজে লাগানো যায় বলেই ইরানের এই কর্মসূচি নিয়ে পশ্চিমারা শঙ্কিত। তাদের ধারণা, ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইরান তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে ব্যবহার হচ্ছে বলে দাবি করে আসছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে টাইমস জানায়, ইরানকে নতুন প্রস্তাব দেওয়ার বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। এর লক্ষ্য ইরানকে পরমাণু আলোচনায় বসানো। ইরান এ পর্যন্ত আলোচনা পরিহার করে এসেছে।
তবে সোমবার ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জলিলি ছয় বিশ্বশক্তির সঙ্গে 'গঠনমূলক সহযোগিতা' আলোচনাকে স্বাগত জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৬ ঘ.
bdnews24