২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাপ্টেন ফিলিপস জলদস্যুদের হাত থেকে মুক্ত: মার্কিন নৌবাহিনী

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি মার্কিন ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস রোববার মুক্তি পেয়েছেন। মার্কিন নৌবাহিনী এ খবর দিয়েছে। সিএনএন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ক্যাপ্টেন ফিলিপস অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছেন এবং তাকে জিম্মি করে রাখা চার জলদস্যুর তিনজনকে হত্যা করা হয়েছে। বাকী এক জলসদ্যুকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 06:40 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

মোগাদিসু, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি মার্কিন ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস রোববার মুক্তি পেয়েছেন। মার্কিন নৌবাহিনী এ খবর দিয়েছে। সিএনএন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ক্যাপ্টেন ফিলিপস অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছেন এবং তাকে জিম্মি করে রাখা চার জলদস্যুর তিনজনকে হত্যা করা হয়েছে। বাকী এক জলসদ্যুকে আটক করা হয়েছে। তবে কেনিয়া ও সোমালিয়ার সমুদ্র চলাচল কর্তৃপক্ষ ফিলিপসের মুক্তির বিষয়টি নিশ্চিত করেনি। এর আগে জানানো হয়, জিম্মি সংকট সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে সোমালিয়ার জলদস্যু নেতারা। ক্যাপ্টেন ফিলিপসকে মুক্তির বিনিময়ে এখন তারা নিজেদের রক্ষার চেষ্টা করছে। ফিলিপসকে জিম্মি করে রাখা জলদস্যুদের লাইফবোটের ওপর নজর রাখছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। এই অবস্থায় ক্যাপ্টেনকে মুক্তি দিয়ে লাইফবোটের চার জলদস্যুকে নিরাপদে বের করে আনার চেষ্টা করছে জলদস্যু নেতারা। সোমালিয়ার বিভিন্ন সূত্র জানায়, মার্কিন নৌবাহিনীর হাত থেকে জলদস্যুদের বের করে আনার ব্যবস্থা করতে সাগরে গেছে জলদস্যু নেতাদের একটি দল। মার্কিন সামরিক কর্মকর্তারা জানান, লাইফবোটের জ্বালানি শেষ হয়ে গেছে। জলদস্যুরা লাইফবোটটি নিয়ে উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। তারা এখন সোমালিয়া উপকূল থেকে ৩০ থেকে ৪৫ কিলোমিটার দূরে আছে। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন জলদস্যুরা লাইফবোটটি নিয়ে উপকূলে পৌঁছে যেতে পারলে জিম্মি ক্যাপ্টেনকে নিয়ে পালিয়ে যেতে পারে। ক্যান্টেন ফিলিপসের মুক্তির বিনিময়ে দুই মিলিয়ান ডলার মুক্তিপণ এবং নিজেদের নিরপাদে বের হয়ে যেতে দিতে হবে বলে দাবি করে জলদস্যুরা। তবে ক্যাপ্টেন ফিলিপসকে মুক্তি করতে শক্তি প্রয়োগ না করার জন্য মার্কিন নৌবাহিনীকে সতর্ক করে দেয় জলদস্যুরা। আক্রান্ত হলে তারাও পাল্টা আক্রমণ চালাবে বরে জানায়। এক মার্কিন সামরিক কর্মকর্তা গত শনিবার জানান, লাইফবোট থেকে নৌবাহিনীর জাহাজের দিকে গুলি ছুড়েছে জলদস্যুরা। তবে এতে কেউ হতাহত হয়নি। পাল্টা জবাব না দিয়ে নৌবাহিনীর জাহাজ সরে আসে বলে তিনি জানান। সোমালিয়া উপকূল থেকে বেশ দূরে ভারত মহাসাগরের গভীরে গত বুধবার ২০ আমেরিকান ক্রুসহ মার্কিন পতাকাবাহী মেয়ার্সক আলবামা নামের কন্টেইনার জাহাজটিকে ছিনতাই করে জলদস্যুরা। এরপর ক্যাপ্টেন ফিলিসকে জিম্মি করে একটি লাইফবোটে তুলে নেয়। ক্যাপ্টেনকে বাদ দিয়ে অবশিষ্ট ক্রুদের নিয়ে জাহাজটি কেনিয়ার মোম্বাসা উপকূলে পৌঁছেছে। জাহাজের ক্রুরা ক্যান্টেনের সাহসিকতার প্রশসংসা করেছে। তাদের বাঁচাতে ক্যাপ্টেন নিজে থেকেই জলসদ্যুদের কাছে জিম্মি হন বলে তারা জানিয়েছে। ক্যাপ্টেন ফিলিপস গত শুক্রবার সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে একটি মার্কিন জাহাজে উঠার চেষ্টা করেছিলেন। তবে জলদস্যুরা আবার তাকে লাইফবোটে ফিরে আসতে বাধ্য করে। আঞ্চলিক একটি সমুদ্র চলাচল সংস্থা গত শনিবার জানায়, জলদস্যুদের নেতা এবং আত্মীয়রা এখন রিচার্ড ফিলিপসের বিষয়ে আপসরফার পরিকল্পনা করছে। সংস্থাটির সমন্বয়কারী এন্ড্রু মাঙ্গুরা রয়টার্সকে বলেন, "জলদস্যুরা এখন মুক্তিপণের পরিবর্তে এই অবস্থা থেকে বেরিয়ে আসার নিরাপদ পথ খুঁজছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/০০৩৯ ঘ.