ওয়াশিংটন, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি সপ্তাহে ল্যাতিন আমেরিকা সফরের সময় ওই অঞ্চলের সঙ্গে সহযোগিতামূলক নতুন সম্পর্ক গড়ার চেষ্টা নেবেন মার্কিন প্রেসিডেন্ট বারকা ওবামা। তবে কিউবা ও অভিবাসীর মতো কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজ দেশের মধ্যে প্রতিরোধের কারণে তার সে চেষ্টা বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর চলতি সপ্তাহে প্রথমবারের মতো ল্যাতিন আমেরিকা সফরে যাচ্ছেন ওবামা। বৃহস্পতিবার তিনি মেক্সিকো যাবেন। সেখান থেকে পঞ্চম আমেরিকা সম্মেলনে যোগ দিতে ত্রিনিদাদ ও টোবাগো পৌঁছবেন শুক্রবার।
এই সফরের সময় তিনি ল্যাতিন আমেরিকার নেতাদের সঙ্গে একাধিক আলোচনায় বসবেন, তাদের কথা শুনবেন এবং অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার পথ খুঁজবেন। যেমনটি তিনি করেছেন লন্ডনে জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে গিয়ে ইউরোপ সফরের সময়।
সাপ্তাহিক বেতার ভাষণে গত শনিবার ওবামা বলেন, "বিশ্বের এমন ঝুঁকিপূর্ণ সময়ে আমরা একে অপরকে পাশ কাটিয়ে চলতে পারি না। পারস্পরিক স্বার্থের বিষয়গুলো আমাদের খুঁজে বের করতে হবে এবং তা নিয়েই কাজ করতে হবে।"
আমেরিকা সম্মেলনে ওবামার বিশেষ উপদেষ্টা জেফারি ডেভিডো জানিয়েছেন, নতুন সম্পর্ক এবং কূটনীতির বিষয়টি সম্মেলন-পূর্ব আলোচনায় জোর দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ওবামা মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরোনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং মন্ত্রিসভার অনেক সদস্যও ইতোমধ্যে ল্যাতিন আমেরিক সফর করেছেন।
সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের তুলনায় ওবামার জনপ্রিয়তা এবং জি-টোয়েন্টি সম্মেলনে তার সাফল্য ল্যাতিন আমেরিকা সফর শুরু করার আগে সমমনা নেতাদের মাঝে তার সুনাম অনেক বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৪৭ ঘ.
bdnews24