পাতায়া, থাইল্যান্ড, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডের পাতায়ায় শনিবার সকালে এশীয় দেশগুলোর শীর্ষ নেতাদের 'আসিয়ান' সম্মেলন বাতিল হয়ে যাওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
এক বিবৃতিতে বান বলেন, "সম্মেলন বাতিলের ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত"। তিনি আরও বলেন, "আমি বুঝতে পারি, কী পরিস্থিতিতে থাই সরকারকে ওই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।"
রাজধানী ব্যাংককের ১৫০ কিলোমিটার দক্ষিণে উপকূলীয় অবকাশ কেন্দ্র পাতায়া'য় দু'দিনের এ আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল।
সকালে সেনানিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে সম্মেলনস্থল রয়্যাল ক্লিফ হোটেলের ঠিক পাশে সম্মেলনের মিডিয়া সেন্টার সরকারবিরোধী বিক্ষোভকারীরা দখল করে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কর্তৃপক্ষ সম্মেলন বাতিলের ঘোষণা দেয়।
জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে আরও বলা হয়, "থাইল্যান্ডে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসা এবং সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে মতপার্থক্য দূর হওয়ার আশা করছি আমি।"
১০ জাতি আসিয়ান জোটের এ সম্মেলনে যোগ দিয়ে বাণিজ্য, অর্থনীতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার কথা ছিল চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের।
আসিয়ান জোটভুক্ত ১০টি দেশ হল - ব্র"নেই, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৭১৭ ঘ.
bdnews24