জাকার্তা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক গণনায় এগিয়ে আছে প্রেসিডেন্ট সুশিলো বামবাং য়ুধোইয়োনোর ডেমোক্র্যাটিক পার্টি।
নির্বাচনপূর্ব একাধিক জরিপে ডেমোক্র্যাটরা অনেক এগিয়ে ছিল। সে ভিত্তিতে ধারণা করা হচ্ছিল তারা বেশ বড় ব্যবধানে বিজয়ী হতে চলেছে। কিন্তু নির্বাচনী ফলাফল পূর্ব ধারণার মতো হবে বলে মনে হচ্ছে না।
পোলিং এজেন্সি এলএসআই এর হিসাব অনুযায়ী দ্রুত নমুনা ভোট গণনায় ৪৫ ভাগ ভোটের মধ্যে ডেমোক্র্যাটরা পেয়েছে ২০ ভাগ ভোট। এর পরেই পিডিআই-পি পেয়েছে ১৫ দশমিক ৫ ভাগ। আর সাবেক স্বৈরশাসক সুহার্তোর দীর্ঘদিনের দল গোলকার পার্টি পেয়েছে ১৩ দশমিক ৭ ভাগ ভোট।
এক দশক আগে গণতন্ত্র প্রতিষ্ঠার পর এটা ইন্দোনেশিয়ার তৃতীয় সাধারণ নির্বাচন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল আগামী মাসের আগে পাওয়া যাবে না।
আগামী ৮ জুলাই ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোনো দল বা জোট প্রার্থী দিতে চাইলে সাধারণ নির্বাচনে তাদের কমপক্ষে ২৫ শতাংশ ভোট বা মোট নির্বাচনী আসনের এক পঞ্চমাংশ পেতে হবে।
আগাম এই নির্বাচনী ফলাফল থেকে বোঝা যাচেছ য়ুধোইয়োনোর দলের বড় ব্যবধানে জয়ের সম্ভাবনা কম। কাজেই তাদের এখন শরিকদের ওপর নির্ভর করতে হবে এবং তাদের সংস্কার পরিকল্পনা কাঁটছাট করতে হতে পারে।
রাজনৈতিক ঝুঁকি বিষয়ক বিশ্লেষক কেভিন ও'রুরকি বলেন, "এই পর্যায়ে ডেমোক্র্যাটিক পার্টির জন্য এটা খুবই হতাশজনক ফলাফল।"
তিনি জানান, নির্বাচনের আগে আশা করা হচ্ছিল তারা ৩০ ভাগের কাছকাছি ভোট পাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা ২০ ভাগের নিচে নেমে আসতে পারে।
তিনি বলেন, "য়ুধোইয়োনোকে এখন শরিকদের ওপর নির্ভর করতে হবে এবং এতে করে প্রাতিষ্ঠানিক সংস্কারের গতি আরও পাঁচ বছর মন্থর থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮৩৭ ঘ.
bdnews24