২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাসায় বিক্ষোভের দায়ে দুই তিব্বতির মৃত্যুদণ্ড

তিব্বতের রাজধানী লাসায় গত বছর চীনবিরোধী বিক্ষোভে জড়িত থাকার দায়ে দুই তিব্বতিকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বুধবার এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 12:16 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

বেইজিং, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতের রাজধানী লাসায় গত বছর চীনবিরোধী বিক্ষোভে জড়িত থাকার দায়ে দুই তিব্বতিকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বুধবার এ খবর দিয়েছে। আদালতের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিক্ষোভের সময় এই দুইজন 'গুলিবর্ষণ' করে বলে প্রমাণিত হয়েছে। এছাড়া আরও দুজনের বিরুদ্ধে স্থগিত মৃত্যুদণ্ডাদেশ এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বছরের ১৪ মার্চ লাসায় বৌদ্ধ ভিক্ষুদের শুরু করা বিক্ষোভ পরে তিব্বত এবং চীনের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বিক্ষোভে ১৯ জন নিহত হয় বলে জানিয়েছিল চীন সরকার। তবে তিব্বতিদের দাবি নিহতের সংখ্যা আরও বেশি। ওই বিক্ষোভের এক বছরপূর্তির সময় আবার বড় আকারে বিক্ষোভ শুরু হতে পারে আশঙ্কায় পুরো তিব্বত জুড়ে অসংখ্য পুলিশ ও সেনা মোতয়েন করে চীন। তারপরও গত কয়েক সপ্তাহে তিব্বতের বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে কিছু বিক্ষোভ হয়েছে। পশ্চিম শিচুয়ানে একটি ভিক্ষুআশ্রমে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয় এক ভিক্ষু এবং একটি সরকারি অফিসে বোমা নিক্ষেপ করা হয়। তিব্বতের স্বেচ্ছা প্রবাসী আধ্যাত্মিক নেতা দালাই লামা গত মাসে জানিয়েছেন, চীনা শাসনে তিব্বত পৃথিবীর বুকে একটি নরকে পরিণত হয়েছে। ৫০ বছর ধরে ভারতের ধর্মশালায় বসবাস করছেন দালাই লামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮১৭ ঘ.