হাভানা/ওয়াশিংটন, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে মঙ্গলবার সাক্ষাতের সময় কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোকে বেশ প্রাণবন্ত এবং এখনো সবকিছুতে সজাগ বলে মনে হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে কীভাবে সহযোগিতা করতে পারেন- এ প্রশ্নও তিনি করেন।
প্রতিনিধি দলের প্রধান বারবারা লি বলেন, "তিনি (ফিদেল) অসুস্থ। কিন্তু আমি মনে করি তিনি যে এখনো বেশ স্বাস্থ্যবান, প্রাণবন্ত এবং চিন্তা-চেতনায় স্বচ্ছ আছেন- এ বিষয়ে আমরা একমত হব।"
কিউবায় প্রতিনিধি দলের তিন সদস্য মঙ্গলবার ফিদেলের সঙ্গে সাক্ষাতের পর দেশে ফিরে ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে কথা একথা বলেন।
প্রতিনিধি দলের আরেক সদস্য লরা রিচার্ডসন বলেন, "যা কিছু ঘটছে সে সম্পর্কে ফিদেল বেশ স্বচ্ছ ধারণা রাখেন।"
"তিনি কিছুটা দুর্বল হলেও, সরাসরি আমাদের চোখের দিকে তাকিয়ে কথা বলেন এবং আমাদের কাছে জানতে চান, 'কীভাবে প্রেসিডেন্ট ওবামাকে সহযোগিতা করতে পারি?'"
২০০৬ সালের জুলাইয়ে অস্ত্রপচারের পর ৮২ বছর বয়সী ফিদেলের সঙ্গে এটাই মার্কিন কর্মকর্তাদের প্রথম সাক্ষাৎ।
সাত সদস্যের পুরো প্রতিনিধিদল এর আগে প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে দেখা করে। এই সাক্ষাৎকারকে দুই দেশের সম্পর্কের বরফ গলার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। পাঁচ দশক ধরে চলা দুই দেশের তিক্ত সম্পর্ক স্বাভাবিক করার উপায় সন্ধানে প্রতিনিধি পরিষদের সদস্যরা গত সপ্তাহে কিউবায় গিয়েছেন।
রাউল প্রেসিডেন্টের দায়িত্বভার নেওয়ার পর এটাই মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তার প্রথম বৈঠক। রাউলের বড়ভাই ফিদেল অসুস্থ হয়ে পড়ায় ২০০৮ সালের ফেব্র"য়ারিতে তিনি প্রেসিডেন্ট পদে তার স্থলাভিষিক্ত হন।
গত রোববার ইন্টারনেটে প্রকাশিত এক লেখায় ফিদেল বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে কিউবা ভীত নয়। মার্কিন সিনেটর রিচার্ড লুগার কিউবার সঙ্গে আলোচনা শুরু করার জন্য যুক্তরাষ্ট্রকে নতুন নীতি গ্রহণ করতে আহ্বান জানানোয় ফিদেল তার প্রশংসাও করেন।
'প্রায় অর্ধশতাব্দী ধরে কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া সব ব্যবস্থা পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।' লুগারের এই বক্তব্যের প্রশংসায় ফিদেল বলেন "তার পা মাটিতে পড়েছে। "নরম বা সমাজতন্ত্রপন্থি" এই ধরনের সমালোচনার কবলে পড়বেন বলেও ভয় পাননি তিনি।
তিনি বলেন, "কিউবা যা সবসময় বলে আসছে তা আর জোর দিয়ে বলার দরকার নেই: আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে ভীত নই। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্কও জিইয়ে থাকুক তাও আমরা চাই না। কিন্তু অনেক বেকুব এটা মনে করে।"
যুক্তরাষ্ট্রের সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সিনিয়র রিপাবলিকান সদস্য লুগার গত সপ্তাহে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি কিউবার বিষয়ে নতুননীতি গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, "বিদ্যমাননীতি মানবাধিকার বা গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই শুধু ব্যর্থ হয়নি, বৃহত্তর অর্থে আমাদের নিরাপত্তা ও রাজনৈতিক স্বার্থেরও ক্ষতি হয়েছে এতে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৭৪৫ ঘ.
bdnews24