লা'একুইলা, ইতালি, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - মধ্য-ইতালিতে সোমবার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে। আহত হয়েছে ১৫০০'রও বেশি মানুষ। গৃহহীন হয়েছে ৫০ হাজার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী রোমের উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় অবস্থিত ১৩ শতকের প্রাচীন শহর লা'ইকুইলা। শহরটির কয়েক হাজার ঐতিহ্যবাহী বাড়িঘর, গির্জা ও অন্যান্য দালানকোঠা ভেঙে পড়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
আনসা বার্তা সংস্থা উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্প পরবর্তী ১২ ঘন্টায় মৃতের সংখ্যা ৯২ এ পৌঁছেছে।
জাতীয় নাগরিক নিরাপত্তা বিভাগের প্রধান গুইডো বেরতোলাসো ৭০ জনেরও বেশি লোকের মৃত্যু নিশ্চিত করেছেন। নিহতদের বেশির ভাগই লা'ইকুইলা এবং এর আশেপাশের শহর ও গ্রামগুলোর অধিবাসী।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী রবার্তো মারোনি ইতোপূর্বে ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে যাওয়ার কথা জানান। নাগরিক নিরাপত্তা বিভাগের মুখপাত্র লুকা স্পোলেতিনি জানান, ৫০ হাজার মানুষ গৃহহীন হয়েছে।
রাজধানী রোমের ৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে স্থানীয় সময় মধ্যরাত ৩টা ৩২ মিনিটে এ ভূমিকম্প হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৮ থেকে ৬ দশমিক ৩ এর মধ্যে এবং এর কেন্দ্র ছিল পার্বত্য আবরুজ্জো অঞ্চলে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।
স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা অগাস্টিনো মিয়োজ্জো বিবিসিকে জানিয়েছেন, লা'ইকুইলা শহরের প্রায় ৩,০০০ থেকে ১০,০০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।
এর আগে শহরটির মেয়র মাসিমো সিয়ালেন্তে বলেছেন, প্রায় লাখখানেক লোক বাড়িঘর ছেড়ে সরে গিয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, লা'ইকুইলা এবং এর আশপাশের গ্রামগুলোতে ১৬ জন নিহত হয়েছে। শহরের একটি বাড়ি ধসে নিহত হয় চার শিশু। এছাড়া শহরের পার্শ্ববর্তী একটি গ্রামে ২জন এবং আরেকটি গ্রামে ৫জন নিহত হয়। ওন্না শহরে নিহত হয় ১০ জন। এছাড়া বহু মানুষ আহত হয়েছে এবং বিধ্বস্ত বাড়িঘরের নীচে অনেক মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সকাল থেকে একের পর এক নিহতের খবর পাওয়া যায় এবং দ্রুত এ সংখ্যা বাড়তে থাকে।
ওদিকে, এ ঘটনায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকুনি। তিনি পূর্ব নির্ধারিত মস্কো সফর বাতিল করেছেন বলেও খবর পাওয়া গেছে।
বাড়িঘর ধসে প্রাচীন শহরটির বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছে রাস্তায় থাকা বেশকিছু যানবাহনও। এছাড়া মূল শহরকে ঘিরে গড়ে ওঠা আশপাশের বেশকিছু আধুনিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার তৎপরতা চলছে।
বিধ্বস্ত শহরটি ইতালির একটি সমৃদ্ধ পুরাকীর্তি অঞ্চল। এ শহরে রোমানেস্ক এবং রেঁনেসা যুগের বহু গীর্জা ও অন্যান্য স্থাপত্য রয়েছে। লা'একুইলার নগরকেন্দ্রের একটি বিখ্যাত গীর্জার ঘণ্টাসহ টাওয়ারটি ধসে পড়ে গেছে।
শহরের একটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন এবং একটি হোটেলও বিধ্বস্ত হয়েছে। তবে সেসময় ভবনদুটির ভেতরে কেউ ছিল কি না তা স্পষ্ট নয়।
নিহতের সংখ্যার বিচারে ২০০২ সালের পর ইতালিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটি। সেসময় একটি স্কুলভবন ধসে ৩০ শিশু নিহত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/২২০৪ ঘ.
bdnews24