২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন আইনপ্রণেতাদের সাক্ষাৎ

কিউবার সঙ্গে সম্পর্কোন্নয়নে শনিবার হাভানায় সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত মার্কিন কংগ্রেস প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় তারা মার্কিন মানবাধিকার নেতা মার্টিন লুথার কিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাভানা মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 11:49 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

হাভানা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবার সঙ্গে সম্পর্কোন্নয়নে শনিবার হাভানায় সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত মার্কিন কংগ্রেস প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় তারা মার্কিন মানবাধিকার নেতা মার্টিন লুথার কিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাভানা মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করেন। মার্কিন কংগ্রেসের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতা বারবারা লি হাভানায় সাংবাদিকদের বলেন, "বিশ্বজুড়ে মার্কিন নীতি পরিবর্তন নিয়ে পুরো বিশ্ব এখন খুবই আশাবাদী।" "ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস, অনেকেই মনে করে কিউবার সঙ্গে আলোচনা শুরুর এটাই সময়।" দুই দেশের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে তা খুঁজে বের করতেই এই প্রতিনিধি দল কিউবা সফরে গেছে বলে জানান তিনি। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্র"নো রডরিগুয়েজের সঙ্গে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি। তবে তিনি বলেন "আলোচনা খুবই সৌহার্দ্যপূর্ণ হয়েছে।" লুথার কিং মেমোরিয়ালে বারবারা সাংবাদিকদের বলেন, "আমরা খোলামেলা আলোচনা করেছি এবং আগামী বুধবার ফিরে যাওয়ার আগে আরও আলোচনা হবে।" প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসার পর এটিই কিউবায় প্রথম মার্কিন প্রতিনিধিদল। কিউবান-আমেরিকান এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবানদের দেশে যাওয়া এবং অর্থ পাঠানোর ওপর থেকে বাধা-নিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা করছে ওবামা প্রশাসন। ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার জানায়, প্রেসিডেন্ট ওবামা তার নির্বাচনী প্রতিশ্র"তি পূরণে কিউবান আমেরিকানদের ইচ্ছেমতো কিউবা ভ্রমণ এবং সেখানে পরিবারের সদস্যদের অর্থ পাঠাতে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। বাধা-নিষেধ তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। তবে তিনি বলেছেন, নীতিটি নতুন নয় এবং খুব শিগগিরই এর বাস্তবায়ন হচ্ছে না। ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, "প্রশাসন জানিয়ে দিয়েছে, কিউবার বিষয়ে আমাদের নীতি পর্যালোচনা করা হচ্ছে এবং কিউবা ভ্রমণ এবং অর্থ পাঠানোর ক্ষেত্রে কিউবান-আমেরিকানদের ওপর যে বাধা-নিষেধ আছে তা তুলে নেওয়া দরকার বলে মনে করেন প্রেসিডেন্ট।" তিনি বলেন, "কিউবায় মানবাধিকার এবং গণতান্ত্রিক সংস্কারই আমাদের লক্ষ্য।" কিউবান আমেরিকান বা কিউবার নাগরিকরা বছরে মাত্র একবার দেশে যাওয়ার সুযোগ পায় এবং একজন বছরে মাত্র এক হাজার দুইশ' ডলার দেশে পাঠাতে পারে। ওবামা প্রশাসন এই বিধিনিষেধ তুলে নিলে তারা ইচ্ছেমতো দেশে যেতে এবং অর্থ পাঠাতে পারবে। গত বছর নির্বাচনী প্রচারণার সময় ওবামা প্রতিশ্র"তি দিয়েছিলেন, তিনি কিউবান-আমেরিকানদের ওপর থেকে ভ্রমণ ও অর্থ পাঠানোর বাধানিধেষ তুলে নেবেন। তবে গণতন্ত্র এবং মানবাধিকারের ক্ষেত্রে অগ্রগতি না হওয়া পর্যন্ত কিউবার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩৫ ঘ.