২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার আফগান পরিকল্পনায় ন্যাটোর সমর্থন

যুক্তরাষ্ট্রের নতুন আফগান পরিকল্পনায় শনিবার ন্যাটোর সমর্থন পেয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু ওবামার ইউরোপীয় মিত্ররা দেশটিতে চলমান সহিংসতা মোকাবেলায় লড়াইয়ের জন্য দীর্ঘমেয়াদী সেনা মোতায়েনের বিষয়ে রাজি হননি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 07:12 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

স্ট্রাসবার্গ, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের নতুন আফগান পরিকল্পনায় শনিবার ন্যাটোর সমর্থন পেয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু ওবামার ইউরোপীয় মিত্ররা দেশটিতে চলমান সহিংসতা মোকাবেলায় লড়াইয়ের জন্য দীর্ঘমেয়াদী সেনা মোতায়েনের বিষয়ে রাজি হননি। তবে আগস্টের আফগান নির্বাচনকে কেন্দ্র করে শিগগিরই দেশটিতে স্বল্পমেয়াদের জন্য ৩,০০০ সেনা মোতায়েন করতে সম্মত হয়েছে ন্যাটো। এছাড়া আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণের জন্য ২,০০০ নিরাপত্তা কর্মকর্তা এবং ৩০০ আধাসামরিক পুলিশ প্রশিক্ষক পাঠাবে ন্যাটো। পাশাপাশি দেশটির সামরিক ও বেসামরিক সহায়তায় ৬০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তাও দেবে ন্যাটো। ন্যাটো মহাসচিব জাপ দ্য হুপ শেফার বলেন, আফগানিস্তানে বেসামরিক সহায়তা বাড়ানো এবং আফগান নিরাপত্তা বাহিনীগুলোকে আরও প্রশিক্ষিত করার লক্ষ্য নিয়ে বারাক ওবামার উদ্যোগে গৃহীত পরিকল্পনার সমর্থনে ঐক্যবদ্ধ হয়েছেন মিত্ররা। তিনি জানান, দশটিরও বেশি দেশ নতুন করে সহায়তার আশ্বাস দিয়েছে। এক সংবাদ সম্মেলনে শেফার বলেন, "আমরা নির্বাচনে সহায়তা দেব; আমরা আফগান সেনাদের প্রশিক্ষণ উন্নয়নে কাজ করব।" তিনি আরও বলেন, "অনেক মিত্রই আজ সকালে এ উদ্যোগে সমবেত হয়েছে এবং বাস্তবিক অর্থেই এ সম্মেলনের ফলাফল খুবই ইতিবাচক।" ইউরোপে নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মিত্রদের কাছ থেকে আফগান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় গতি সঞ্চার করতে সচেষ্ট ওবামা বলেছেন, মিত্ররা এগিয়ে আসায় তিনি আনন্দিত এবং এটা "উল্লেখযোগ্য অগ্রগতি"। তবে একইসঙ্গে ওবামা বলেন, "চূড়ান্ত লক্ষ্য অর্জনে আমাদের আরও সম্পদ দরকার হবে এবং দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১৫ ঘ.