পেশাওয়ার, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিউ ইয়র্কের অভিবাসী কেন্দ্রে গুলিবর্ষণ করে ১৪ জনকে হত্যার দায়িত্ব স্বীকার করে শনিবার বিবৃতি দিয়েছে পাকিস্তানি তালেবান নেতা বাইতুল্লাহ মেহসুদ।
পাকিস্তানি তালেবান প্রধান অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমি দায়িত্ব স্বীকার করছি। তারা আমার লোক ছিল। মার্কিন ড্রোন হামলার প্রতিক্রিয়ায় আমি ওই হামলার নির্দেশ দিয়েছি।"
নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বিংহামটন শহরে একটি অভিবাসী সেবাদানকারী প্রতিষ্ঠানে শুক্রবার এক বন্দুকধারীর বেপরোয়া গুলিতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। পরে সে আত্মহত্যা করে। বিংহামটন কর্তৃপক্ষ একথা জানিয়েছে। ওই ঘটনায় আরও চার ব্যক্তি গুরুতর আহত হয়েছে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি পরিষদের স্থানীয় সদস্য মরিস হিনসি নিউ ইয়র্ক টাইমসকে জানান, বন্দুকধারীকে ভিয়েতনামী অভিবাসী বলে মনে করা হচ্ছে এবং গাড়িটি তার বাবার নামে নিবন্ধিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৩০ ঘ.
bdnews24