কুয়ালালামপুর, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালয়েশিয়ার ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নিয়েছেন নজিব রাজাক। মাত্র একবছরের মাথায় জটিল রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাবির পদত্যাগের মধ্য দিয়ে তিনি ইউএমএনও'র নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব নিলেন।
নজিব এমন এক সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন যখন বিশ্ব মন্দার মুখে মালয়েশিয়ার অর্থনীতিও এক দশকের মধ্যে সবচেয়ে অবনতিশীল এবং তীব্র জাতিগত ও ধর্মীয় বিভিক্তির কারণে জটিল রাজনৈতিক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার পদত্যাগ করে উপপ্রধানমন্ত্রী নজিবের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বাদাবি।
শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের সোনারঙের গম্বুজওয়ালা জাতীয় প্রাসাদে ঐতিহ্যবাহী রীতিতে দেশের রাজার কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নজিব। গুরুগম্ভীর পরিবেশে "আমি এ মর্মে আমার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করছি এবং রাজার প্রতি প্রশ্নাতীত আনুগত্য প্রদর্শনের অঙ্গীকার করছি" বলে তিনি শপথবাক্য পাঠ করেন।
মালয়েশিয়ায় সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত এবং রাজা রাষ্ট্রপ্রধান। পার্লামেন্টের অনুমোদনের পর রাজাই প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন।
শপথ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য বিভিন্ন দেশের কূটনীতিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৫৫ বছর বয়সী নজিব রাজাক ব্রিটেনে উচ্চশিক্ষা লাভকারী মালয়েশিয়ার একজন খ্যাতিমান অর্থনীতিবিদ এবং দেশটির দ্বিতীয় প্রধানমন্ত্রীর পুত্র। শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দেওয়ার কথা রয়েছে নজিবের।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বাদাবিকে হয়তো অনেকেই মনে রাখবেন পূর্বসূরী মাহাথির মোহাম্মদের তুলনায় জনগণকে অনেক বেশি স্বাধীনতা দেওয়ার জন্য। কিন্তু প্রতিশ্র"তি সত্ত্বেও দুর্নীতি ঠেকাতে না পারা, বিচার বিভাগ সংস্কারে ব্যর্থতা এবং পুলিশ ও জনপ্রশাসনকে শক্তিশালী করতে না পারার দায় মাথায় নিয়েই বিদায় নিতে হল তাকে।
তবে, বিদায়ের আগে গত সপ্তাহে তার দল ইউএমএনও'র কংগ্রেসে দেওয়া ভাষণে নিজের দলের লোকদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, বিরুদ্ধবাদীদের নিপীড়ন বিরোধীদের কারাগারে পাঠানো এবং মালয়েশিয়ার সংখ্যালঘু চীনা ও ভারতীয় স
bdnews24