২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি-টোয়েন্টি ঘোষণা আজ, লন্ডনে সংঘর্ষ, বিক্ষোভে একজনের মৃত্যু

লন্ডনে জি-টোয়েন্টি সম্মেলনে পুঁজিবাদের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে বিশ্ব অর্থনীতির শীর্ষ নেতাদের মধ্যে ব্যাপক মতপার্থক্য সত্ত্বেও চূড়ান্ত ঘোষণা আসছে বৃহস্পতিবার বিকালে। ওদিকে, বুধবার এ সম্মেলনকে ঘিরে পুঁজিবাদ বিরোধী ব্যাপক বিক্ষোভে লন্ডনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শত শত বিক্ষোভকারী। (আরও তথসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 03:46 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

লন্ডন, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - লন্ডনে জি-টোয়েন্টি সম্মেলনে পুঁজিবাদের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে বিশ্ব অর্থনীতির শীর্ষ নেতাদের মধ্যে ব্যাপক মতপার্থক্য সত্ত্বেও চূড়ান্ত ঘোষণা আসছে বৃহস্পতিবার বিকালে। ওদিকে, বুধবার এ সম্মেলনকে ঘিরে পুঁজিবাদ বিরোধী ব্যাপক বিক্ষোভে লন্ডনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শত শত বিক্ষোভকারী। বিক্ষোভের সময় একজন মারা গেছে বলেও জানিয়েছে পুলিশ। বিক্ষোভের সময় সেন্ট্রাল ব্যংকের কাছে রাস্তায় ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার মারা যাওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ৩২ জন বিক্ষোভকারীকে আটক করার কথা জানিয়েছে । বিক্ষোভে যোগ দিয়েছে পুঁজিবাদ বিরোধী, পরিবেশবাদী ও নৈরাজ্যবাদীরা। তারা বিশ্ব অর্থনীতি পরিচালনায় পরিবর্তন চায়। জি-টোয়েন্টি নেতারা গত নভেম্বরে ওয়াশিংটনে বৈঠক করার পর থেকে বর্তমান সময়ে বিশ্ব অর্থনৈতিক মন্দা আরও বেড়েছে। এবারের সম্মেলনে নেতারা বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের পথ খোঁজার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সঙ্কটের পুনরাবৃত্তি ঠেকাতে অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার উপায় খুঁজছেন। শীর্ষ নেতাদের মধ্যে সঙ্কটের সমাধান নিয়ে ব্যাপক মতপার্থক্য থাকলেও তাদের মধ্যে শিগগিরিই একটি সমঝোতা হওয়ার আশা আছে। সম্মেলনকে ঘিরে বুধবারের বিক্ষোভের পর আরও বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। বুধবারের বিক্ষোভে শত শত বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ জনতা এ সময় লন্ডনের ফিন্যান্সিয়াল সেন্টারে ব্যাংকের জানালা ভাঙচুর করে। বৃহস্পতিবার আরও বিক্ষোভের পরিকল্পনা করেছে বিক্ষোভকারীরা। লন্ডনের ডকল্যান্ডস এর এক্সেল সেন্টারে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে জি-টোয়েন্টি সম্মেলন। সম্মেলনে মতবিরোধে জড়িয়ে পড়তে পারে ফ্রান্স ও জার্মানি এবং ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। ফ্রান্স এবং জার্মানি অর্থনৈতিক ব্যবস্থায় কড়া নিয়মকানুন চায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সঙ্কট সামাল দিতে অতিরিক্ত সরকারি ব্যয়ের পক্ষে। সম্মেলনে বাস্তবসম্মত কোনও ফল না হলে বৈঠক বয়কটের হুমকি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। তবে বিবিসি'র অর্থনীতি সম্পাদক স্টিফেনি ফ্লান্ডারস বলেছেন, জি-টোয়েন্টি সমঝোতার দ্বারপ্রান্তে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৫৩ ঘ.