২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবিদ্যুৎ রপ্তানি করে দক্ষিণ এশিয়ার নরওয়ে হতে চায় নেপাল

আগামী ১০ বছরে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ১৫ গুণেরও বেশি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে এবং উৎপাদিত বিদ্যুৎ ভারতের বিশাল বাজারে রপ্তানীর সুযোগ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে নেপাল। জলবিদ্যুৎ প্রকল্প সফল হলে নেপাল দক্ষিণ এশিয়ার নরওয়েতে পরিণত হতে পারে বলে আশাবাদী দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 07:27 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

সোলবার্গফস, নরওয়ে, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগামী ১০ বছরে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ১৫ গুণেরও বেশি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে এবং উৎপাদিত বিদ্যুৎ ভারতের বিশাল বাজারে রপ্তানীর সুযোগ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে নেপাল। জলবিদ্যুৎ প্রকল্প সফল হলে নেপাল দক্ষিণ এশিয়ার নরওয়েতে পরিণত হতে পারে বলে আশাবাদী দেশটি। তবে, এ উচ্চাকাঙ্খা পূরণে ভারতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রচণ্ড। মাওবাদীদের প্রতিশ্র"তি অনুযায়ী 'নতুন নেপাল' গড়তে হিমালয়কন্যা হিসেবে পরিচিত দেশটির পার্বত্য নদীগুলো থেকে ২০২০ সালের মধ্যে ১০,০০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করতে চায় প্রচণ্ডের সরকার। এ মূহুর্তে দেশটির জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা মাত্র ৬৩০ মেগাওয়াটের মতো। নরওয়ের গ্লোমা নদীর বাঁধের ওপর দাঁড়িয়ে নেপালি প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আমরা এমন উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েই এগোতে চাচ্ছি"। পৃথিবীর পঞ্চম বৃহত্তম বিদ্যুৎ উৎপাদক দেশ নরওয়ের কাছ থেকে প্রযুক্তি ও কারিগরী সহায়তা নেওয়া এবং নওয়ের জলবিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে নিজ দেশের প্রকল্প বাস্তবায়নে আলাপ আলোচনার জন্য দুদিনের সফরে নরওয়ে যান প্রচণ্ড। তিনি বলেন, "জলবিদ্যুৎ উৎপাদনে আমাদের বিপুল সম্ভাবনা রয়েছে এবং ভারত বিদ্যুতের একটি বিশাল বাজার।" তিনি জানান, "আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি এবং ভারতের সঙ্গে একটি সমন্বিত সমঝোতা গড়ে তোলার চেষ্টা করছি।" বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নেপালের জলবিদ্যুৎ উচ্চাকাঙ্খা পূরণ করতে হলে বিপুল পরিমাণ বিদেশী বিনিয়োগ প্রয়োজন হবে এবং একইসঙ্গে ভারতের সঙ্গে দেশটির কোনো বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ রপ্তানীর জন্য নতুন করে ভারী সংযোগ কেবল স্থাপন করতে হবে। মাওবাদী সরকারের মতো নেপালের শীর্ষ ব্যবসায়ী এবং অন্যান্যরাও এ বিষয়ে উৎসাহী। নেপালের হিমালয়ান ব্যাংকের চেয়ারম্যান মনোজ বাহাদুল শ্রেষ্ঠা বলেন, " তারা (ভারত) যদি আমাদের কাছ থেকে বিদ্যুৎ কেনে তাহলে আমরা নরওয়ের মতো হয়ে যাবো।" অনেক জলপ্রপাত আর নদী সমৃদ্ধ পার্বত্য দেশ নরওয়ে একসময় ইউরোপের একটি খুবই দরিদ্র দেশ হলেও ঊনিশ শতকে জলবিদ্যুৎ সক্ষমতা অর্জন ও তা রপ্তানী করে এখন সেখানকার অন্যতম ধনী দেশে পরিণত হয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩২৫ ঘ.