২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জাতীয় সংহতির আহ্বান জারদারির

পাকিস্তানে সোমবার জাতীয় সংহতির আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। দেশের প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে স্বপদে পুনর্বহাল করে রাজনৈতিক সঙ্কট সামাল দেওয়ার পর বিরোধীদলের সঙ্গে বিরোধ মেটানোর চেষ্টার মাঝে তিনি এই আহ্বান জানালেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 10:25 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ইসলামাবাদ, মার্চ ২৩, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে সোমবার জাতীয় সংহতির আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। দেশের প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে স্বপদে পুনর্বহাল করে রাজনৈতিক সঙ্কট সামাল দেওয়ার পর বিরোধীদলের সঙ্গে বিরোধ মেটানোর চেষ্টার মাঝে তিনি এই আহ্বান জানালেন। এক সপ্তাহ আগে সরকার ইফতিখার চৌধুরীকে স্বপদে পুনর্বহালের ঘোষণা দিয়ে রাস্তায় সহিংস সংঘর্ষ এড়াতে সক্ষম হয়। কিন্তু জারদারির দলের সঙ্গে প্রধান প্রতিপক্ষ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দলের বিরোধ এখনও মেটেনি। বিশেষ করে পাকিস্তানের সবচেয়ে জনবহুল ও রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী পাঞ্জাব প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে দু'দলের মধ্যে বিরোধ চলছে। পাকিস্তান দিবসের বার্তায় সোমবার জারদারি বলেন, "এই দিনে আমি প্রত্যেককে পারস্পরিক শ্রদ্ধা ও সহিষ্ণুতার স্পৃহা নিয়ে কাজ করে যাওয়া এবং জাতীয় সংহতি গড়ে তোলা ও ক্ষত সারানোর প্রচেষ্টায় প্রত্যেককে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।" একনায়কদের শাসনের কারণে আইন ও সাংবিধানিক শাসন সময়ে সময়ে পদদলিত হয়েছে এবং এ চক্রের অবসান হতে হবে উল্লেখ করে জারদারি বলেন, প্রধান বিচারপতি চৌধুরী ও অন্যান্য বিচারকদের স্বপদে পুনর্বহালের পদক্ষেপে ওই চক্রের অবসান হতে চলেছে বলে জনমনে আশার সঞ্চার হয়েছে। এর আগে রোববার জারদারি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মাধ্যমে প্রতিপক্ষ নওয়াজ শরীফের কাছে সংহতির বার্তা পাঠান। শরীফ তার এই আহ্বানকে স্বাগত জানান এবং সংহতি এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৭ঘ.