মুম্বাই, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের সবচে সস্তা গাড়ি টাটা ন্যানো জুলাইয়ে ভারতের রাস্তায় নামবে। বুকিং থেকে ধেবচয়নের মধ্য দিয়ে ন্যানো মালিকদের বাছাই করা হবে ৯ থেকে ২৫ এপ্রিলের মধ্যে।
রতন টাটা এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, "আমরা ভারতের লোকজনকে একটি নতুন ধরনের একটি পরিবহণ দেওয়ার দ্বারপ্রান্তে।"
ইউরোপের বাজারে ন্যানো ছাড়া হবে ২০১১ সালে। যুক্তরাষ্ট্রেও ন্যানো বিক্রির আশায় আছে টাটা কোম্পানি। বর্তমান অর্থনৈতিক মন্দার মধ্যে ন্যানোর মতো সস্তা গাড়ি অনেক বেশী আকর্ষণীয় হয়ে উঠেছে।
সোমবার ন্যানোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে টাটা বলেন, আমার মনে হয়, বিশ্বে চাহিদার পরিবর্তন দেখে আমরা হঠাৎ উপলব্ধি করলাম যে, পশ্চিম ইউরোপ, পূর্ব ইউরোপ, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে সমাদৃত হওয়ার মতো একটি পণ্য আমাদের আছে।
ভারত জুড়ে ১ হাজারটি নগরীর ৩০ হাজারেরও বেশি জায়গা থেকে ন্যানো বুক করা যেতে পারে।
সোমবার ২,০০০ ডলারেরও কম মূল্যের এ ছোট্ট গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধনীর আয়োজন করা হয় নয়াদিল্লির অটো শো-তে ন্যানো'র প্রথম প্রদর্শনীর প্রায় ১৫ মাস পর। তখন বলা হয়েছিল, ২০০৮ এর অক্টোবরেই বাজারে পাওয়া যাবে ন্যানো। কিন্তু পশ্চিমবঙ্গে কারখানার জন্য জমি নিয়ে সৃষ্ট বিরোধের কারণে ন্যানোর কারখানা গুজরাটে স্থানান্তর করতে গিয়ে পিছিয়ে পড়ে টাটা।
আনুষ্ঠানিক এ উদ্বোধন দ্বিতীয় দফায় ঘোষিত ২০০৯ সালের প্রথম কোয়ার্টারের সময়সীমা রক্ষার চেষ্টা। কারণ, উদ্বোধন হলেও বুকিং শুরু হচ্ছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। ক্রেতাদের গাড়ি সরবরাহ করা হবে তারও কিছুদিন পর।
মুম্বাইয়ে ন্যানোর অন্যতম ডিলার 'ফরচুন কারস' এর একজন সেলস ম্যানেজার আগেই বলেছেন, "গাড়িগুলো রাস্তায় চলতে শুরু করতে জুলাই পর্যন্ত গড়াবে।"
আরেক ডিলার 'ওয়াসান মোটর্স' এর এক কর্মকর্তা বললেন, "আমাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করছে। সবাই দাম এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা জানতে চায়।"
ফরচুন কারস এর সেলস ম্যানেজার আরও বলেন, "গাড়িটিকে ঘিরে একটা বিপুল উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এদের একটা অংশ প্রকৃত ক্রেতা হলেও বাকিদের মধ্যে উৎসাহটাই সব।"
কিন্তু, ডিলারদের এখনও ন্যানোর বিষয়ে খুব বেশি কিছু জানায়নি টাটা। শোনা যাচ্ছে বুকিং এর সময় ক্রেতাদের কাছ থেকে ৭০,০০০ রুপি করে আগাম জামানত চাইবে টাটা।
ধারণা করা হচ্ছে গুজরাটের ২,৫০,০০০ ইউনিট সক্ষমতার কারখানাটির উৎপাদন পূর্ণ গতি না পাওয়া পর্যন্ত প্রথম বছরে মাত্র ৫০,০০০ এর মতো ন্যানো বাজারে আসতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৯ ঘ.
bdnews24