মস্কো, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান সরকার এবং মধ্যপন্থি তালেবানদের মধ্যে আলোচনার পদক্ষেপ নেওয়া হলে রাশিয়া এতে সমর্থন দেবে। রাশিয়ার এক শীর্ষ কূটনৈতিক বুধবার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে একথা জানিয়েছেন।
গত ৭ মার্চ একটি সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারকা ওবামা জানান, আফগানিস্তানে তালেবানদের মধ্যপন্থি অংশের সঙ্গে সরকারের আলোচনা প্রচেষ্টায় তার কোনো আপত্তি নেই।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সি বরোদাভকিং ইন্টারফ্যাক্সকে বলেন, "আফগান নেতৃত্ব যদি তালেবানদের মধ্যে উদারপন্থিদের সঙ্গে আলোচনা প্রয়োজন বলে মনে করে, তাহলে রাশিয়ার কোনো আপত্তি নেই। তবে এক্ষেত্রে শর্ত হবে, তালেবানদের অস্ত্রত্যাগ করে আফগান সরকার ও সংবিধানকে স্বীকৃতি দিতে হবে এবং আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতা ত্যাগ করতে হবে।"
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশটিকে স্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র তাদের নীতির পর্যালোচনা আগামী ২৭ মার্চ প্রকাশ করতে পারে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করেন, আফগানিস্তানে সফলতা পেতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তালেবানদের সঙ্গে আলোচনায় যেতে হবে।
২০০১ সালে মার্কিন বাহিনীর অভিযানে তালেবানদের পতনের পর বর্তমান সময়ে আফগানিস্তানে সহিংসতা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
জাতিসংঘ জানিয়েছে, শুধু গত বছরই সেখানে সহিংসতায় নিহত হয়েছে ৫ হাজার মানুষ। এদের মধ্যে দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএইচবি/এমএইচবি/১৮৪৯ ঘ.
bdnews24