প্রাগ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চেক প্রজাতন্ত্রে প্রধানমন্ত্রী মিরেক টোপোলানেক এর সংখ্যালঘু মধ্য-ডান সরকার মঙ্গলবার পার্লামেন্টের আস্থা ভোটে হেরে গেছে।
ফলে জুনে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সির মেয়াদ শেষের পরই টোপোলানেক পদত্যাগ করবেন বলে মনে করা হচ্ছে।
সুইডেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সি গ্রহণের আগ পর্যন্ত টোপোলানেক সরকার ক্ষমতায় থাকতে পারবে--- বিরোধীদল স্যোশাল ডেমোক্র্যাটরা একথা বললেও টোপোলানেক বলেছেন, তিনি পদত্যাগ করতে প্রস্তুত। আস্থা ভোট ইউরোপীয় ইউনিয়নের ভূমিকায় কোনও প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন তিনি।
ইইউ প্রেসিডেন্ট এর পক্ষ থেকে ইস্যু করা এক বিবৃতিতে টোপোলানেক বলেন, "এ মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের ভূমিকায় এই পরিস্থিতির কোনো প্রভাবই পড়বে না।"
বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবে লাটভিয়া ও হাঙ্গেরির নেতাদের পদত্যাগের পর চেক রিপাবলিকে আস্থা ভোটে সরকারের পতন ঘটল। পূর্ব ইউরোপে এটি তৃতীয় সরকার পতনের ঘটনা। বিরোধী দল অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য চেক সরকারকে দায়ী করে এবং সরকারের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির সামলোনা করে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনে।
চেক রিপাবলিকে আগামী হেমন্তে অথবা বসন্তে আগাম নির্বাচন অনুষ্ঠানের জন্য এই গ্রীষ্মেই একটি নির্দলীয় সরকার গঠন করা হতে পারে। ২০১০ সালের মাঝামাঝিতে দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
টোপোলানেক জানিয়েছেন, নতুন সরকার গঠন নিয়ে কোনও চুক্তি না হলে এ গ্রীষ্মেই আগাম নির্বাচন হতে পারে। এছাড়া নতুন করে একটি মন্ত্রিসভা গঠনেরও সুযোগ চান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩২৭ ঘ.
bdnews24