২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারি পরোয়ানার মুখেও মিসরে প্রেসিডেন্ট বশির

দারফুরে যুদ্ধপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি'র গ্রেপ্তারি পরোয়ানা মুখেও মিসর সফরে বুধবার কায়রো পৌঁছেছেন সুদানের প্রেসিডেন্ট হাসান-আল বশির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 01:33 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

কায়রো, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দারফুরে যুদ্ধপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি'র গ্রেপ্তারি পরোয়ানা মুখেও মিসর সফরে বুধবার কায়রো পৌঁছেছেন সুদানের প্রেসিডেন্ট হাসান-আল বশির। গত ৪ মার্চ আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এটা বশিরের দ্বিতীয় বিদেশ সফর। মিশরে তিনি প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখে সুদান ছেড়ে অন্য কোথাও অবস্থানের ক্ষেত্রে বশিরের আটক হওয়ার ঝুঁকি আছে। রোববার সুদানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, স্থানীয় মুসলিম পণ্ডিতরা মার্চের শেষে কাতারে অনুষ্ঠেয় আরব সম্মেলনে বশিরকে যোগ দিতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে মিসরে বশিরের গ্রেপ্তার হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। প্রতিবেশী এই দেশটির সঙ্গে সুদানের সম্পর্ক বেশ ভালো। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে মিসর। মিসরের বার্তা সংস্থা মিনা জানিয়েছে, কায়রো বিমানবন্দরে বশিরকে স্বাগত জানান প্রেসিডেন্ট মুবারক। তাদের মধ্যে পরে আনুষ্ঠানিক আলোচনা হবে। সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আলি ইউসুফ আহমেদ জানিয়েছেন, ইরিত্রিয়া সফরের এক সপ্তাহের মধ্যে মিসর সফররের মাধ্যমে বশির আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান দেখাতে চাচ্ছেন। তিনি বলেন, "বশিরের আইসিসি বিরোধী দেশগুলোতে সফর অব্যাহত থাকবে।" এর আগে বশিরের ইরিত্রিয়া সফরের সময় দেশটির তথ্যমন্ত্রী আলী আবদু টেলিফোনে রয়টার্সকে বলেন, "হ্যাঁ তিনি এখানে। তিনি প্রেসিডেন্ট ইসাইয়াসের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করছেন। আইসিসি'র বিষয়টি নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কি আছে?" আন্তর্জাতিক বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, সুদানের গোলযোগপূর্ণ দারফুর প্রদেশে প্রায় ৬ বছরের লড়াইয়ে কমপক্ষে ২ লাখ মানুষ নিহত এবং ২০ লাখেরও বেশি উদ্বাস্তু হয়েছে। অনারব বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিলে দারফুরে সংঘাত ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯২৩ ঘ.