মস্কো, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিজেদের পরমাণু অস্ত্রভাণ্ডার কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে। ১ এপ্রিল লন্ডন বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ১৯৯১ সালে জর্জ বুশ-মিখাইল গর্বাচেভের স্বাক্ষরিত ঐতিহাসিক 'স্টার্ট ১' পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিটি নবায়নে নতুন ঘোষণা স্বাক্ষর করতে পারেন। ক্রেমলিন শনিবার একথা জানিয়েছে। (আরও তথ্যসহ)
প্রেসিডেন্ট মেদভেদেভের সহকারী কর্মকর্তা সের্গেই প্রিখোদকো সাংবাদিকদের জানান, লন্ডন বৈঠকে ইরান, উত্তর কোরিয়া এবং আফগানিস্তান বিষয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়া সাধারণ সম্পর্ক বিষয়ক একটি নথিতেও স্বাক্ষর করবেন রুশ-মার্কিন দুই নেতা।
তিনি বলেন, "স্টার্ট চুক্তিটি স্থলাভিষিক্ত করতে কাজ করার জন্য বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে একমত হতে এবং সময়সীমা ঠিক করেতও চেষ্টা করব আমরা। যাতে পরবর্তী বৈঠকে একটি সুনির্দিষ্ট চুক্তি এবং বছরের শেষ নাগাদ সব কাজ শেষ করতে পারি।"
বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রুশ ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে প্রথম বৈঠক হবে এটি।
রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৯১ সালে স্বাক্ষরিত 'স্টার্ট-১' চুক্তিটি নবায়ন করা কিংবা তার জায়গায় একটি নতুন চুক্তি করতে মতৈক্যে পৌঁছানো নতুন মার্কিন-রুশ সম্পর্কে অগ্রাধিকার পাবে। ২০০৯ সালেই ওই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০৪ ঘ.
bdnews24