লাহোর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের লাহোরে একটি পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে সোমবার সকালের হামলায় নিহতের সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির বেসরকারি টিভি জিও।
তারা আরো জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ৯০ জন আহত হয়েছে। (আরো তথ্যসহ-১)
১৫ থেকে ২০ জন হামলাকারী একাডেমিটির ভেতরে অবস্থান নিয়ে আছে বলেও জানিয়েছে জিও টিভি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কারফিউ জারি করা হয়েছে ঘটনাস্থলের আশপাশে। এছাড়া আশপাশের লোকজনকেও নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এ হামলার নিন্দা জানিয়েছেন।
এর আগে স্থানীয় সময় সকাল ১১ টার দিকে নিরাপত্তা কর্মকর্তারা জানান, হামলাকারীরা একাডেমি ভবনে অবস্থান নিয়ে গুলি চালাচ্ছে। ঘটনাস্থলের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ এবং আকাশে টহল দিচ্ছে সামরিক হেলিকপ্টার।
একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, হামলাকারীদের কয়েকজন একাডেমির ভেতরে ঢুকে গ্রেনেড ছুড়ে গুলিবর্ষণ শুরু করে।
পুলিশ প্রশিক্ষণ একাডেমিটি ভারত সীমান্তের কাছে অবস্থিত। পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, হামলাকারীদের বেশ কয়েকজন পুলিশের পোশাক পরা ছিল।
একটি টেলিভিশন চ্যানেলে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে একাডেমির প্যারেড গ্রাউন্ডে পড়ে থাকার দৃশ্য দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/জিএনএ/১৩৩০ ঘ.
bdnews24