থিরুভানানথাপুরাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার যুদ্ধাঞ্চল থেকে পালিয়ে আসা তামিল টাইগার গেরিলাদের একটি গ্র"পের সন্ধানে ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের বিভিন্ন স্থানে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে শক্তিশালী অস্ত্রে সুসজ্জিত কমান্ডোরা। ভারতীয় পুলিশ সোমবার একথা জানিয়েছে।
কেরালার পুলিশ প্রধান জ্যাকব পুন্নুজি রয়টার্সকে জানান, পুলিশের কাছে এমন তথ্য রয়েছে যে শ্রীলংকার সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে কুলোতে না পেরে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) গেরিলারা পালিয়ে ভারতে আসার চেষ্টা করছে।
তিনি জানান একটি ছোট জেলে নৌকায় করে এলটিটিই গেরিলাদের একটি দল কেরালার দক্ষিণ উপকূলীয় শহর কোচির কাছে একটি গ্রামে আশ্রয় নিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ এবং সশস্ত্র কমান্ডোরা থিক্কাল নামের ওই গ্রামটিকে ঘিরে রেখেছে।
থিক্কাল গ্রামে অভিযান তদারকিকে থাকা পুন্নুজি টেলিফোনে বলেন, "গ্রামটি খুবই ঘনবসতিপূর্ণ। আমরা এখান থেকে কোনো যানবাহন বা ব্যক্তিকে বাইরে বেরুতে দিচ্ছি না।"
তিনি জানান, "এখানকার প্রায় সব বাড়িই আমরা তল্লাশি করেছি। কিন্তু এখনও ওই জেলে নৌকা কিংবা তাদের কোনো সন্ধান পাইনি আমরা।"
প্রায় ২৫ বছর ধরে চলা রক্তাক্ত গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে এলটিটিই'র গেরিলাদের পরাস্ত করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে শ্রীলংকার সেনাবাহিনী। পূর্বাঞ্চলসহ বেশিরভাগ জায়গায় তামিল টাইগারদের ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়ে গেরিলাদেরকে উত্তরাঞ্চলের মাত্র কয়েক কিলোমিটারের একটি জঙ্গল এলাকায় কোনঠাসা করে ফেলেছে সেনারা।
কিন্তু ওই যুদ্ধাঞ্চলটিতে এখনও প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি বেসামরিক লোকজন আটকা পড়ে থাকায় সেখানকার অভিযান শেষ হচ্ছে না। অবশ্য যুদ্ধ শুরুর পর সেখান থেকে প্রায় লাখখানেক বেসামরিক তামিল পালিয়ে অন্যত্র সরে গিয়েছে কিংবা সরকারি আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে।
১৯৮৩ সাল থেকে শুরু হওয়া এলটিটিই'র সশস্ত্র সংগ্রামে এ পর্যন্ত প্রায় ৭০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমডি/১২৩৮ ঘ.
bdnews24