দারেসসালাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তাঞ্জানিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ছোট্ট একটি স্বর্ণখনির দেয়াল ধসে কমপক্ষে ২০ জন খনিশ্রমিক নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে মঙ্গলবার একথা বলা হয়েছে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মাওয়াঞ্জা অঞ্চলের গেইটায় রোববার ওই দুর্ঘটনা ঘটে। খনিশ্রমিকরা খনির ১০০ মিটার (৩২৮ ফুট) গভীরে কাজ করার সময় প্রচণ্ড বৃষ্টির ফলে বন্যায় দেয়াল ধসে পড়ে। স্থানীয় গণমাধ্যম নিহতের সংখ্যা ৩০ জনেরও বেশি হতে পারে বলে জানিয়েছে।
দুর্ঘটনার আগেই খনি থেকে বের হয়ে আসা এক খনিশ্রমিক কেলেগা চাচা দৈনিক 'গার্ডিয়ান' পত্রিকায় বলেন, "আমি জানি কাউকেই জীবীত পাওয়ার আশা নেই। এখন কেবলই মৃতদেহ উদ্ধার করে তা সমাহিত করার অপেক্ষায় থাকতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১১ ঘ.
bdnews24