২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যানো'র উদ্বোধন সোমবার, তবে প্রতীক্ষা ফুরোচ্ছে না

আগামী সোমবার বিশ্বের সবচে সস্তা গাড়ি টাটা ন্যানো'র বহুল প্রতীক্ষিত আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। তবে প্রতীক্ষা ফুরোচ্ছে না এখনই। কেননা ভারতের সড়কগুলোতে ন্যানোর চাকা গড়ানো শুরু হতে পার হয়ে যেতে পারে এ বছরের প্রথম অর্ধেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 11:32 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

মুম্বাই, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগামী সোমবার বিশ্বের সবচে সস্তা গাড়ি টাটা ন্যানো'র বহুল প্রতীক্ষিত আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। তবে প্রতীক্ষা ফুরোচ্ছে না এখনই। কেননা ভারতের সড়কগুলোতে ন্যানোর চাকা গড়ানো শুরু হতে পার হয়ে যেতে পারে এ বছরের প্রথম অর্ধেক। ২,০০০ ডলারেরও কম মূল্যের এ ছোট্ট গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে নয়াদিল্লির অটো শো-তে ন্যানো'র প্রথম প্রদর্শনীর প্রায় ১৫ মাস পর। তখন বলা হয়েছিল ২০০৮ এর অক্টোবরেই বাজারে পাওয়া যাবে ন্যানো। কিন্তু পশ্চিমবঙ্গে কারখানার জন্য জমি নিয়ে সৃষ্ট বিরোধের কারণে ন্যানোর কারখানা গুজরাটে স্থানান্তর করতে গিয়ে পিছিয়ে পড়ে টাটা। এখনও এ আনুষ্ঠানিক উদ্বোধনকে দ্বিতীয় দফায় ঘোষিত ২০০৯ সালের প্রথম কোয়ার্টারের সময়সীমা রক্ষার চেষ্টা বলে মনে করা হচ্ছে। কারণ, উদ্বোধন হলেও বুকিং শুরু হবে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। ক্রেতাদের গাড়ি সরবরাহ করা হবে তারও কিছুদিন পরে। মুম্বাইয়ে ন্যানোর অন্যতম ডিলার 'ফরচুন কারস' এর একজন সেলস ম্যানেজার বলেন, "গাড়িগুলো রাস্তায় চলতে শুরু করতে কমপক্ষে জুলাই পর্যন্ত গড়াবে।" আরেক ডিলার 'ওয়াসান মোটর্স' এর এক কর্মকর্তা বললেন, "আমাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করছে। সবাই দাম এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা জানতে চায়।" ফরচুন কারস এর সেলস ম্যানেজার আরও বলেন, "গাড়িটিকে ঘিরে একটা বিপুল উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এদের একটা অংশ প্রকৃত ক্রেতা হলেও বাকিদের মধ্যে উৎসাহটাই সব।" কিন্তু, ডিলারদের এখনও ন্যানোর বিষয়ে খুব বেশি কিছু জানায়নি টাটা। শোনা যাচ্ছে বুকিং এর সময় ক্রেতাদের কাছ থেকে ৭০,০০০ রুপি করে আগাম জামানত চাইবে টাটা। ধারণা করা হচ্ছে গুজরাটের ২,৫০,০০০ ইউনিট সক্ষমতার কারখানাটির উৎপাদন পূর্ণ গতি না পাওয়া পর্যন্ত প্রথম বছরে মাত্র ৫০,০০০ এর মতো ন্যানো বাজারে আসতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৭২৮ ঘ.