তেহরান, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার উচিত ইরান নীতি আমূল বদলে ফেলা। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার একথা বলেছেন। ভিডিওটেপে ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক যোগাযোগ শুরুর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আবেদনের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সহযোগী আলীআকবর জাভানফেকর রয়টার্সকে বলেন, আমেরিকা সরকারের বিরোধ নিরসনের আগ্রহকে ইরান স্বাগত জানায়। তবে তিনি বলেন, "আচরণ আমূল পরিবর্তন করার মধ্য দিয়েই আমেরিকা আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়াতে পারে।"
ওবামা প্রশাসনের অতীত ভুলগুলো উপলব্ধি করে সেগুলো শুধরানোর চেষ্টা করা উচিত বলে আলীআকবর মন্তব্য করেন।
তিনি আরও বলেন, "সীমাহীন নিষেধাজ্ঞা যেগুলো এখনও বহাল আছে এবং যুক্তরাষ্ট্র নবায়ন করে চলেছে সেটি ভুল এবং বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা দরকার।" তিনি আরও বলেন, ইসরায়েলকে সমর্থন করা মোটেই বন্ধুত্বপূর্ণ আচরণ নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৩ঘ.
bdnews24