কুয়েত, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কুয়েতের দীর্ঘ রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে বুধবার পার্লামেন্ট ভেঙে দিয়ে দুই মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ।
এক বছরের মধ্যে দ্বিতীয় বারের মতো পার্লামেন্ট ভেঙে দেওয়ায় ধারণা করা হচ্ছে নির্বাচনের আগেই ডিক্রির মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনা পাস করতে পারবে সরকার।
অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ৫ বিলিয়ন ডলারের প্যাকেজ হাতে নিয়েছে কুয়েত সরকার। পার্লামেন্ট ভেঙে দেওয়ায় প্রক্রিয়াটি ত্বরান্বিত হবে বলে ধারণা করা হচ্ছে।
কুয়েতের আইনপ্রণেতারা জানিয়েছেন, নির্বাচনের পর আমির যুবরাজ শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহকে প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ নাসের আল- মোহাম্মাদ আল-সাবাহ' সোমবার পদত্যাগ করেছেন। এর আগে নভেম্বরেও একবার নাসেরের মন্ত্রিসভা পদত্যাগ করে।
পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে আমির সাবাহ অবশ্য নিজে কিছু জানাননি ।
কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়ে আমির কিছু না জানালেও সংবিধান অনুযায়ী দুই মাসের মধ্যে ভোট অনুষ্ঠিত হতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২৫৮ ঘ.
bdnews24