২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন নেপথ্যে ভবিষ্যতে কোনপথে পাকিস্তান সেনাবাহিনী

এ সপ্তাহে পাকিস্তানে যে তীব্র রাজনৈতিক সংকট দানাবেঁধে উঠেছিল তার সমাধানে পর্দার অন্তরালে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দেশটির সেনাপ্রধান। অনেকবার দেশের শাসনক্ষমতা দখলকারী সেনাবাহিনীর রাজনীতিতে এই প্রভাব ভবিষ্যতে কতদূর পর্যন্ত যায় তাই এখন দেখার বিষয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ইসলামাবাদ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ সপ্তাহে পাকিস্তানে যে তীব্র রাজনৈতিক সংকট দানাবেঁধে উঠেছিল তার সমাধানে পর্দার অন্তরালে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দেশটির সেনাপ্রধান। অনেকবার দেশের শাসনক্ষমতা দখলকারী সেনাবাহিনীর রাজনীতিতে এই প্রভাব ভবিষ্যতে কতদূর পর্যন্ত যায় তাই এখন দেখার বিষয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির নেতৃত্বাধীন এক বছর বয়সী বেসামরিক সরকার গত সোমবার ২০০৭ সালে বরখাস্ত হওয়া প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে পুনর্বহাল করতে রাজি হওয়ায় দেশের দুই প্রধান দলের মধ্যে সংঘাতের অবসান হয়েছে। বিরোধী দল ও আইনজীবীদের উত্তাল বিক্ষোভের মুখে সংকটের একটি সমাধান বের করতে সেনাপ্রধান জেনারেল আসফাক কায়ানি সপ্তাহজুড়ে বেশ কয়েকবার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। কায়ানি প্রায়ই বলে থাকেন, তিনি সেনাবাহিনীকে রাজনীতিতে জড়াতে চান না। স্বাধীনতার ৬১ বছরের মধ্যে অর্ধেকেরও বেশি সময় পাকিস্তান শাসন করেছে সেনাবাহিনী। যখন ক্ষমতার লাগাম প্রকাশ্যে হাতে ছিল না তখনো রাজনৈতিক নীতিনির্ধারণে দোর্দণ্ড প্রভাব ছিল তাদের। ঐতিহ্যগতভাবে পাকিস্তানের গণমাধ্যম রাজনীতিতে সেনাবাহিনীর অংশগ্রহণের প্রবল বিরোধী হলেও বর্তমান সংকট নিরসনে কায়ানির প্রশংসা করেছে। বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনী আড়ালে থেকেও যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা স্পষ্ট হয়ে উঠেছে গণমাধ্যমের এই প্রশংসায়। রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক হাসান আশকারি রিজভি বলেছেন, "এতে পাকিস্তানের রাজনৈতিক প্রক্রিয়ায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি পুনরায় প্রতীয়মান হয়েছে, সাইডলাইনে থেকেও রাজনীতিতে ভূমিকা রাখার ক্ষেত্রে সেনাবাহিনী যে কতটা ক্ষমতাধর তা স্পষ্ট হয়ে উঠেছে।" আরেক নিরাপত্তা বিশ্লেষক ইকরাম সেহগল বলেছেন, ১৯৯০ দশকের বেশিরভাগ সময়ে সেনাবাহিনী সরাসরি ক্ষমতা না নিয়ে রাজনৈতিক সংকটের সময় নেপথ্যে থেকে প্রবলভাবে ভূমিকা রাখে। সেনাবাহিনী বর্তমানে সেসময়ের মতো ভূমিকা রাখতে চাইছে। তিনি বলেন, "পরিস্থিতির বাইরে থাকতে সচেষ্ট সেনাবাহিনী। একটি সরকার চালাতে তারা যে সক্ষম নয় সে উপলব্ধি এসেছে তাদের।" "সেনাবাহিনী নেপথ্যে থেকে যে ভূমিকা রাখছে তা যে কারোরই চোখে পড়বে। তবে তারা যদি ক্ষমতায় ফিরতেও চায় তা হবে অনেকটা বাংলাদেশের আদলে: একটি টেকনোক্রেটিক সরকার গঠন করা এবং যারা দেশ শাসন করবে তাদের শাসন করা।" বলেন এই বিশ্লেষক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৩৫ ঘ.