২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান নির্বাচনে অতিরিক্ত ৪ হাজার সেনা দরকার: ন্যাটো

আফগানিস্তানে আগামী আগস্ট মাসে প্রেসিডেন্ট নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করেতে অতিরিক্ত ৪ হাজার সেনা প্রয়োজন হবে বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব জ্যপ ডি হুপ শেফার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 12:44 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

কাবুল, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে আগামী আগস্ট মাসে প্রেসিডেন্ট নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করেতে অতিরিক্ত ৪ হাজার সেনা প্রয়োজন হবে বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব জ্যপ ডি হুপ শেফার। ২০০১ সালে মার্কিন বাহিনীর অভিযানে তালেবানদের পতনের পর বর্তমান সময়ে আফগানিস্তানে সহিংসতা সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘ জানিয়েছে, শুধু গত বছরই সেখানে সহিংসতায় নিহত হয়েছে ৫ হাজার মানুষ। এদের মধ্যে দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক। কূটনীতিকরা জানিয়েছেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অগ্রগতি যাচাইয়ের ক্ষেত্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ন্যাটো মহাসচিব জানান, ২০ আগস্টের নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আরও চার ব্যাটালিয়ন সেনা চান তিনি। ন্যাটোর প্রতিটি ব্যাটালিয়ন এক হাজার সেনা নিয়ে গঠিত। আফগানিস্তানে বর্তমানে ৭০ হাজার বিদেশি সেনা আছে। তিনি বলেন, "আফগান নির্বাচন অবশ্যই একটি চ্যালেঞ্জ....... আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেই আমরা সেখানে আছি।" আগামী এক বছরে আফগানিস্তানে আরও ১৭ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। এছাড়া, নির্র্বাচনের উদ্দেশ্যে সদস্য দেশগুলো অস্থায়ী ভিত্তিতে সেনা পাঠাবে বলে আশা করছে ন্যাটো। তবে ন্যাটো কত সেনা আশা করছে তা জানায়নি। আফগানিস্তানে এ মুহূর্তে তৃতীয় সর্বোচ্চ সেনা মোতায়েন রয়েছে জার্মানির। তাদের সেনার সংখ্যা সাড়ে তিন হাজার। এছাড়া, নির্বাচনের আগে তারা আরও ছয়শ' সেনা পাঠানোর প্রতিশ্র"তি দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৩০ ঘ.