২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদাগাস্কারে প্রেসিডেন্টের পদত্যাগ

মাদাগাস্কারে বিরোধীদলের সঙ্গে ক্ষমতা লড়াইয়ের পর প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানা মঙ্গলবার নৌ-বাহিনীর এডমিরালের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। প্রেসিডেন্টের এক সহযোগী একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

আন্তানানারিভো, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাদাগাস্কারে বিরোধীদলের সঙ্গে ক্ষমতা লড়াইয়ের পর প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানা মঙ্গলবার নৌ-বাহিনীর এডমিরালের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। প্রেসিডেন্টের এক সহযোগী একথা জানিয়েছেন। মুখপাত্র এন্ড্রি রালিজাওনা বলেছেন, প্রেসিডেন্ট সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। সেক্ষেত্রে ক্ষমতা নিচ্ছেন পদমর্যাদার দিক থেকে সবচেয়ে শীর্ষে থাকা হিপোলাইট রামারোসোন। রালিজাওনা বলেন, রাভালোমানানা প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে গেছেন এবং আত্মগোপন করে আছেন। প্রেসিডেন্ট মাদাগাস্কারের স্বার্থেই পদত্যাগ করেছেন বলে জানান তিনি। মুখপাত্র আরও বলেন, তিনি পরিস্থিতি বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে পদত্যাগ করাটাই দেশের জন্য সবচেয়ে ভালো এবং তিনি রাষ্ট্রনায়কের মতোই কাজ করেছেন। এর আগে বিরোধীদলীয় নেতার সঙ্গে প্রেসিডেন্টের ক্ষমতার লড়াইয়ে প্রেসিডেন্টকে আরও বিচ্ছিন্ন করে ফেলতে একটি প্রেসিডেন্ট প্রাসাদ ও কেন্দ্রীয় ব্যাংক অবরোধ করে রাখে মাদাগাস্কারের সেনাবাহিনী। বিরোধী নেতা আন্দ্রে রাজোলিনাকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার পরপরই সোমবার রাজধানী আন্তানানারিভোতে একটি প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হয়। রাজোলিনা অভিযোগ করেছেন, প্রেডিসেন্ট মার্ক রাভালোমানানা একনায়কসূলভ দেশকে একটি প্রাইভেট কোম্পানির মতো শাসন করছেন। সেনারা প্রেসিডেন্ট প্রাসাদ অবরোধ করার কয়েক ঘণ্টা পর রাজোলিনা জানিয়েছেন, অন্তর্র্বতীকালীন সরকারে নেতৃত্ব দেওয়ার অধিকার তার আছে। বিরোধীদের সমর্থনকারী সেনারা প্রেসিডেন্টকে জোর করে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করলে আমৃত্যু লড়ে যাওয়ার অঙ্গীকার করেন রাভালোমানানা। প্রেসিডেন্টের এক মুখপাত্র রয়টার্সকে জানান, জাতিসংঘ এবং দক্ষিণ আফ্রিকার দেশগুলো থেকে সামরিক সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন রাভালোমানানা। বিরোধীদের দিক থেকে পদত্যাগের চাপের মুখে সোমবার রাভালোমানানা গণভোটের প্রস্তাব দেন। কে দেশ শাসন করবে জনগণকে সে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে বিরোধীদের প্রতি তিনি এই প্রস্তাব দেন। পরে পদত্যাগ করবেন না জানিয়ে প্রেসিডেন্ট অন্য রাজধানীর কেন্দ্রস্থল থেকে ১০ কিলোমিটার দূরে ইভালোহা নামে পরিচিত অন্য একটি প্রাসাদে সরে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০০৩ ঘ.