গাজা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অপহৃত ইসরায়েলি সেনার মুক্তির বিনিময়ে কয়েক শত ফিলিস্তিনি বন্দির মুক্তির বিষয়ে মিসরের মধ্যস্থতায় হামাস-ইসরায়েল আলোচনা অগ্রগতি সত্ত্বেও এখনও কিছু মতপার্থক্য রয়ে গেছে। হামাস এবং ইসরায়েলি কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।
এর আগে ইসরায়েল অভিযোগ করেছিল, হামাস তাদের কোনো ছাড় দেওয়ার মনোভাব দেখাচ্ছে না।
কায়রোতে দুই দিনের আলোচনা সোমবার কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের ক্ষমতা ছাড়ার আগে বন্দি বিনিময়ের চুক্তি চূড়ান্ত করা সম্ভব হবে কিনা সেটা এখনো পরিষ্কার নয়।
ওলমার্টের মুখপাত্র মার্ক রেগিভ জানিয়েছেন, সোমবার রাতেই কায়রো থেকে শীষ পর্যায়ের দুই প্রতিনিধি দেশে ফিরেছেন। আলোচনার অবস্থা সম্পর্কে তারা প্রধানমন্ত্রীকে অবহিত করবেন।
তিনি জানিয়েছেন, চুক্তির বিষয়ে কিভাবে অগ্রসর হওয়া যায় এ নিয়ে আলোচনার জন্য ওলমার্টের মন্ত্রিসভা মঙ্গলবার বৈঠকে বসবে।
গত ডিসেম্বরে গাজায় অভিযানের পর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর জন্য সীমান্ত খুলে দেওয়ার পূর্ব শর্ত হিসেবে হামাসের হাতে বন্দি ইসরায়েলি সেনা গিলাদ শালিতের মুক্তি দাবি করে আসছে ইসরায়েল। ২০০৬ সালে অপহরণের পর থেকে শালিতকে বন্দি করে রেখেছে হামাস।
ওদিকে, শালিতের মুক্তির বিনিময়ে ইসরায়েলের হাতে বন্দি ৪৫০ ফিলিস্তিনির মুক্তি দাবি করেছে হামাস।
হাসাসের এক উর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, "আলোচনায় অগ্রগতি হয়েছে এবং ইসরায়েলের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে এখনো কিছু মতপার্থক্য রয়ে গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৩৪৫ ঘ.
bdnews24