কলোম্বো, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকার 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' (এলটিটিই) রোববার সেনাবাহিনীর যুদ্ধপরাধ তদন্তে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে। তবে এলটিটিই খোদ যুদ্ধপরাধ করছে বলে জাতিসংঘের অভিযোগ সম্পর্কে তারা কিছু বলেনি। শ্রীলংকা সরকার তাৎক্ষণিকভাবে তামিল টাইগারদের আহ্বান প্রত্যাখ্যান করে বলেছে, এলটিটিই'র যুদ্ধপরাধই তদন্ত করা উচিত।
সরকার বলেছে, পুনরায় অস্ত্র সংগঠিত হতে এলটিটিই এখন যুদ্ধবিরতির জন্য মরিয়া। কারণ, তারা এখন ৩৫ স্কয়ার কিলোমিটার এলাকায় অবরুদ্ধ হয়ে পড়েছে।
এলটিটিই'র রাজনৈতিক শাখার প্রধান বি নাদেশান রোববার শ্রীলংকা সেনাবাহিনীর যুদ্ধপরাধ তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন বলে খবর দিয়েছে তামিলপন্থি ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডব্লিউ তামিল নেট ডটকম।
ওয়েবসাইটে নাদেশানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, "বেসামরিক নাগরিক, কর্মকর্তা এবং স্থানীয় ত্রাণকর্মীদের মধ্যে শ্রীলংকার সেনাদের হামলার হাজার হাজার প্রমাণ রয়েছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটি বেসামরিক নাগরিকদের ওপর সেনাবাহিনীর হামলা প্রত্যক্ষ করেছে।
এর পাল্টা প্রতিক্রিয়ায় শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী পলিথা কোহোনা রয়টার্সকে বলেন, যুদ্ধপরাধের জন্য টাইগাররাই দায়ী। যখন শোনা যায় একটি ছোট্ট জায়গায় আটকে পড়া লোকজনদের মানব ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং ভারী অস্ত্রসশস্ত্র নিয়ে লড়াইয়ের মধ্যেও লোকজনদের সেখান থেকে সরে যেতে দেওয়া হচ্ছে না--- সেটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের মারাত্মক লঙ্ঘন বলেই আমি মনে করি।
এর আগে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই শুক্রবার বলেন, শ্রীলংকায় গৃহযুদ্ধে সেনাবাহিনী এবং বিদ্রোহী দু'পক্ষই সম্ভবত যুদ্ধাপরাধ করছে। তিনি বলেন, যুদ্ধাঞ্চলে আটকে পড়া বেসামরিক নাগরিকদের বেরিয়ে আসার সুযোগ দিতে তাদের অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে।
হতাহতের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করে দিয়ে পিল্লাই যুদ্ধাঞ্চলে আটকে পড়া এক লাখ ৮০ হাজারের বেশি সাধারণ মানুষকে বেরিয়ে আসতে দেওয়ার জন্য সংঘাত বন্ধ করতে সরকার ও এলটিটিইকে আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪২ঘ.
bdnews24