পেশোয়ার মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর জন্য সরবরাহকৃত ২০ ট্রাক রসদ রোববার জ্বালিয়ে দিয়েছে পাকিস্তানের তালেবান জঙ্গিরা। পাকিস্তানে কয়েক মাসের মধ্যে আফগানিস্তানের জন্য রসদ সরবরাহ রুটে এটিই প্রথম বড় ধরনের জঙ্গি হামলা। পুলিশ একথা জানিয়েছে।
পাস্তিানের উত্তরপশ্চিমাঞ্চলের মধ্য দিয়ে আফগানিস্তানে রসদ সরবরাহ রুটে গত বছর থেকে তালেবান হামলা বেড়েছে। রোববার পেশোয়ারের উপকণ্ঠে একটি ডিপোতে পার্ক করে রাখা ২০ ট্রাকে ওই হামলা চালায় তালেবানরা।
জঙ্গিরা অন্ধকারের মধ্যে পেট্রোল বোমা হামলা চালালে ২০ টি ট্রাক এবং কন্টেইনারে আগুন ধরে যায়। জঙ্গিরা এ হামলা চালানোর পর গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এতে দুই প্রহরী আহত হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এজাজ আবিদ রয়টার্সকে একথা বলেছেন।
আবিদ জানান, ট্রাকগুলোতে খাবার ছিল। অন্যদিকে, প্রত্যক্ষদর্শীরা বলছে, কিছু সামরিক যানও সীমান্ত পারে নিয়ে যাওয়া হচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৫.
bdnews24