ধর্মশালা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দালাই লামার দূতের সঙ্গে আরও সংলাপে বসতে চীনা প্রধানমন্ত্রীর আগ্রহকে স্বাগত জানিয়েছে তিব্বতের প্রবাসী সরকার। তবে এতে 'প্রকৃত স্বায়ত্ত্বশাসনের' শর্ত শিথিল হবে না বলেও সাফ জানিয়েছে তারা।
ভারতের ধর্মশালায় তিব্বতের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী সামধং রিনপোচে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলেন, "তিব্বতি জনগণের সংকট সমাধান করতে চীনা নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য মহামান্য দালাই লামা সবসময়ই প্রস্তুত।"
এর আগে গত শুক্রবার চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও সাংবাদিকদের বলেন, তিব্বতিদের নেতা দালাই লামার দূতের সঙ্গে আরও আলোচনায় প্রস্তুত চীন।
চীনা প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে স্বাগত জানালেও তিব্বতের প্রবাসী সরকার স্পষ্ট ভাষাতেই জানিয়েছে যে, এ সংলাপের কারণে বেইজিংকে পাঠানো স্মারকে 'প্রকৃত স্বায়ত্ত্বশাসনের' শর্ত শিথিল হবে না।
গত বছরের অক্টোবরে চীনের সঙ্গে অষ্টম দফা আলোচনার সময় 'প্রকৃত স্বায়ত্ত্বশাসন' বিষয়ে নিজেদের দাবি দাওয়া উল্লেখ করে একটি রাজনৈতিক স্মারকলিপি বেইজিংকে হস্তান্তর করে তিব্বতিরা।
এ প্রসঙ্গে ওই বিবৃতিতে বকলা হয়, "ওই স্মারকলিপিতে গণপ্রজাতন্ত্রী চীনের সাংবিধানিক কাঠামোর আওতায় কঠোরভাবে থেকেই তিব্বতি জনগণের আশা আকঙ্খার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও সম্ভবত ওই নথিটি এড়িয়ে যেতে চাইছেন।"
মার্চের ১০ তারিখে তিব্বতের ব্যর্থ অভ্যুত্থানের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভারতের উত্তরাঞ্চলীয় শহর ধর্মশালায় এক বিশাল সমাবেশে ভাষণ দেন দালাই লামা। কয়েক হাজার প্রবাসী তিব্বতির উপস্থিতিতে ওই সভায় 'অর্থপূর্ণ স্বায়ত্ত্বশাসনের' জন্য চীনের প্রতি আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫১০ ঘ.
bdnews24