লন্ডন, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর বলেছেন এ বছরের শেষ নাগাদ কোপেনহেগেনে একটি নতুন বিশ্ব জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশাবাদী তিনি। কেননা তিনি মনে করেন এ বিষয়ে ইতিমধ্যেই একটি 'রাজনৈতিক সমঝোতা' অর্জিত হয়েছে।
গার্ডিয়ান পত্রিকার শনিবারের সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে একথা বলা হয়েছে।
বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে তার বিখ্যাত প্রামান্যচিত্র "এন ইনকনভেনিয়েন্ট ট্রুথ" এর জন্য ২০০৬ সালে অস্কার পুরস্কার লাভ করেন গোর।
গোর মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অনেক বিশ্ব নেতার এবং শীর্ষ ব্যবসায়ী নেতাদের সমর্থন লাভের মধ্য দিয়ে একটি নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তির জন্য প্রয়োজনীয় 'রাজনৈতিক সমঝোতা' অর্জিত হয়েছে।
বিশ্ব অর্থনৈতিক সংকট প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, সংকট মোকাবেলায় কাজ করতে গিয়ে বৈশ্বিক জলবায়ু চুক্তির একটি কাঠামো বেরিয়ে আসতে পারে।
তিনি বলেন, "বিশ্বজুড়ে খুবই আশাব্যঞ্জক একটি ঐক্যমত্য তৈরী হয়েছে যে, আর্থিক সংকটের সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলোই একইসঙ্গে জলবায়ু সংকট সমাধানের পথ।"
গোর বলেন, "আমি সত্যিকার অর্থেই মনে করি যে কোপেনহেগেনে একটি চুক্তি করতে পারবো আমরা।"
তিনি জানান, গত ডিসেম্বরে ওবামার সঙ্গে ব্যক্তিগত আলোচনার সময়ে যুক্তরাষ্ট্রের মন্দা মোকাবেলায় গৃহীত ৭৮৭ বিলিয়ন ডলারের প্যাকেজের ভেতরে "গ্রিন কম্পোনেন্টস" বা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বরাদ্দের বিষয়ে কথা বলেছেন তারা।
কিয়োটো প্রটোকলের স্থলাভিষিক্ত করতে নতুন একটি বৈশ্বিক জলবায়ু চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে এ বছরের শেষে কোপেনহেগেনে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দেবে প্রায় ২০০ দেশ। ২০১২ সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ ফুরিয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৫০ ঘ.
bdnews24