তেহরান, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরানের ওপর আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে "বালসুলভ আচরণ" অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার একদিন পর শুক্রবার এই মন্তব্য করলেন তিনি।
ইরানের গণমাধ্যম জানিয়েছে, একটি প্রাকৃতিক গ্যাস প্রকল্প উদ্বোধনের সময় আহমেদিনেজাদ বলেন, নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা একটি বালসুলভ চিন্তা ও বড়ধরনের ভুল।
বৃহস্পতিবার ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর ঘোষণা দেওয়ার সময় ওবামা বলেন, ইরান এখনও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বিদেশী নীতি এবং অর্থনীতির জন্য "মারাত্মক হুমকি'।
বিষয়টিকে ১৯৯৫ সালের মার্চে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞার নিয়মিত বর্ধিতকরণ হিসেবে উল্লেখ করে ওবামা বলেন, "জাতীয় জরুরি অবস্থার বিবেচনায় ইরানের ওপর তা (ওই নিষেধাজ্ঞা) এক বছরের জন্য বাড়াচ্ছি আমি।"
বুশ প্রশাসনের নীতি পাল্টে ইরানের সঙ্গে সরাসরি আলোচনাসহ অনেক ইস্যুতে দেশটির সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন ওবামা। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচিসহ পাশ্ববর্তী আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও ইরানের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে ওবামা প্রশাসন।
এ মাসে আফগানিস্তান নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইরান জানিয়েছে ওই সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি বিবেচনার জন্য প্রস্তুত তারা।
বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে তিনদফায় জাতিসংঘ নিষেধাজ্ঞার শিকার হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররা বলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান। কিন্তু দেশটির দাবি তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কেবলমাত্র জ্বালানি স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে পরিচালিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৫৫ ঘ.
bdnews24