২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাই লামার দূতদের সঙ্গে আলোচনা হতে পারে: চীনা প্রধানমন্ত্রী

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও শুক্রবার বলেছেন, দালাই লামা তিব্বতকে 'বিচ্ছিন্ন করার' দাবি পরিত্যাগ করলে বেজিং তার দূতদের সঙ্গে আরো আলোচনা করতে রাজি আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

বেজিং, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও শুক্রবার বলেছেন, দালাই লামা তিব্বতকে 'বিচ্ছিন্ন করার' দাবি পরিত্যাগ করলে বেজিং তার দূতদের সঙ্গে আরো আলোচনা করতে রাজি আছে। ওয়েন বলেন, তিব্বত বিষয়ে চীনের নীতিমালা সঠিক এবং ওই অঞ্চল শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থায় আছে। চীন ইতিমধ্যেই তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। তবে ওই আলোচনায় তেমন কোন ফল আসেনি। চীনা পার্লামেন্টের বার্ষিক অধিবেশন শেষে ওয়েন তার বার্ষিক সংবাদ সম্মেলনে বলেন, "এই ধরনের আলোচনা আরও চলতে পারে। তবে দালাই লামাকে এ ব্যাপারে আন্তরিকতা দেখাতে হবে যাতে আলোচনায় প্রকৃত ফলাফল আসতে পারে।" নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বৌদ্ধ সন্যাসি দালাই লামা তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চীনের দাবি বরাবরই অস্বীকার করে নিজেকে 'মধ্যমপন্থী' হিসেবে উল্লেখ করে থাকেন। তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে একটি ব্যর্থ গণঅভ্যুত্থান ও নিজের নির্বাসিত জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৭৩ বছর বয়সী এই নেতা উত্তর ভারতের পাহাড়ি শহর ধর্মশালা থেকে গত ১০ মার্চ ভাষণে বলেন, পাঁচ দশক ধরে তিব্বতিরা এক "অবর্ণনীয় দুর্দশায়" ভুগছেন। তারা বাস করছে "পৃথিবীর এক জাহান্নামে"। বেজিংয়ের বিরুদ্ধে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ করে তিনি তার মাতৃভূমিতে "অর্থপূর্ণ" স্বায়ত্তশাসন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন। চীনা কর্তৃপক্ষ এই উপলক্ষ এবং পাশাপাশি গত বছর তিব্বতিদের প্রচণ্ড বিক্ষোভের একবছর পূর্তির এই সময়ে নতুন করে বিক্ষোভের আশঙ্কায় তিব্বতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি কঠোর নজরদারি শুরু করে। ধর্মশালার প্রধান মন্দিরের চত্বরে দাঁড়িয়ে দালাই লামা বলেন, "স্মরণকাল থেকে তিব্বতি ও চীনা জনগণ প্রতিবেশি হিসেবে অবস্থান করে আসছে। আমরা তিব্বতিরা একটি বৈধ স্বায়ত্তশাসন প্রত্যাশা করছি তিব্বতে।" শোকবিহবল গলায় দালাই লামা চীনের কমিউনিস্ট নীতি ও প্রচারণার কবলে তিব্বতে 'ধ্বংসযজ্ঞ ও তিব্বতিদের নিগ্রহের' বর্ণনায় বলেন, "তিব্বতিরা এমন এক তীব্র দুর্দশা ও কষ্টের মধ্যে আছে যা আক্ষরিক অর্থে পৃথিবীতে দোজখে থাকার নামান্তর।" শ্রোতারা অখণ্ড মনোযোগে শোনেন তার কথা। অনেকে নমস্কারের ভঙ্গিতে হাত জড়ো করে কাঁদতে থাকেন। দালাই লামা বলে চলেন, "এমনকি আজও তিব্বতিরা তিব্বতে ভীতিকর পরিবেশে বাস করছেন।" দালাই লামার ভাষণের আগে তিব্বতের জাতীয় সঙ্গীত বাজানো হয়; গতবছরে চীনের বিক্ষোভ দমন অভিযানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তার বক্তব্যের পর কয়েক হাজার তিব্বতি হাতে 'তিব্বত মুক্ত কর' লেখা পোস্টার নিয়ে ধর্মশালার সংকীর্ণ রাস্তায় শোভাযাত্রা বের করে। এদের মধ্যে অনেকে ছিল শিশু। তারা তিব্বতে বর্তমানে চীনের কঠোর নিরাপত্তা ও কড়াকড়িরও প্রতিবাদ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২১ ঘ.