২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাড়ালেন ওবামা

প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 07:12 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ওয়াশিংটন, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ইরান এখনও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বিদেশী নীতি এবং অর্থনীতির জন্য "মারাত্মক হুমকি' বলে উল্লেখ করে বৃহস্পতিবার ওই ঘোষণা দেন ওবামা। বিষয়টিকে ১৯৯৫ সালের মার্চে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞার নিয়মিত বর্ধিতকরণ হিসেবে উল্লেখ করে ওবামা বলেন, "জাতীয় জরুরি অবস্থার বিবেচনায় ইরানের ওপর তা (ওই নিষেধাজ্ঞা) এক বছরের জন্য বাড়াচ্ছি আমি।" বুশ প্রশাসনের নীতি পাল্টে ইরানের সঙ্গে সরাসরি আলোচনাসহ অনেক ইস্যুতে দেশটির সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন ওবামা। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচিসহ পাশ্ববর্তী আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও ইরানের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে ওবামা প্রশাসন। এ মাসে আফগানিস্তান নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইরান জানিয়েছে ওই সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি বিবেচনার জন্য প্রস্তুত তারা। বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে তিনদফায় জাতিসংঘ নিষেধাজ্ঞার শিকার হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররা বলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান। কিন্তু দেশটির দাবি তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কেবলমাত্র জ্বালানি স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে পরিচালিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩১০ ঘ.