সউল, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- উত্তর কোরিয়া বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছে। বিশ্বের বিভিন্ন সংস্থাকে এক প্রতিবেদনে উত্তর কোরিয়া জানিয়েছে, এপ্রিলের শুরুতে এই উপগ্রহ উৎক্ষেপণ করা হতে পারে। ওয়াশিংটন উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বলেই মনে করছে।
উত্তর কোরিয়া দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং এর বিরুদ্ধে ২০০৬ সালের মতো কঠোর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপসহ আরও নানা ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে বলে বুধবার হুঁশিয়ার করেছে।
উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের এই তোড়জোড়ে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বাড়ছে। যদিও অনেক বিশ্লেষকই দুর্বল সামরিক হাতিয়ার নিয়ে উত্তর কোরিয়ার সরাসরি দক্ষিণ কোরিয়ায় হামলা চালানোর সাহস নিয়ে সন্দিহান।
উত্তর কোরিয়ার কেসিএনএন সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, "পরীক্ষামূলকভাবে যোগাযোগ উপগ্রহ কংমায়ুংসং-২ উৎক্ষেপণের প্রস্তুতির অংশ হিসাবে উত্তর কোরিয়া মহাকাশ গবেষণায় একটি আন্তর্জাতিক চুক্তিতে শামিল হয়েছে।" উত্তর কোরিয়ার বাইরে এই উপগ্রহ তায়েপডং-২ নামে পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৯ঘ.
bdnews24