ইসলামাবাদ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে বিক্ষোভ মিছিলের ওপর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৃহস্পতিবার দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভে নেমেছে আইনজীবীসহ বিরোধী দলগুলো। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সরকার বিক্ষোভের মুখে বিরোধীদের দুটি দাবি মেনে নিতে রাজি হয়েছে বলে জানিয়েছে জোটের এক শরিক। এ ব্যাপারে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্বাধীন বিচারবিভাগের দাবিতে বিক্ষোভকারীরা লং মার্চ করার ঘোষণা দিয়েছিল আগেই। পাকিস্তানে তালেবান তৎপরতা ও অর্থনৈতিক মন্দার এই সময়ে এ বিক্ষোভ কর্মসূচি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সরকারকে অস্থিতিশীল করে তুলতে পারে।
বিক্ষোভের মুখে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। সিন্ধু প্রদেশে হাই কোর্ট ঘিরে রেখেছে আধা সামরিক বাহিনী, সেনা ও পুলিশ। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট এবং বিক্ষোভের আয়োজক মুনির এ মালিক বলেছেন, "আমাদের বাস ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। সেকারণে আমরা হাটতে শুরু করেছি।"
পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে বুধবার বিক্ষোভ মিছিল নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। তবে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান রেহমান মালিক জানিয়েছেন, করাচি ও কোয়েটা থেকে শুরু হওয়া লং মার্চে সরকার বাধা দেবে না।
পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তা ফারহান আজিজ খাজা রয়টার্সকে বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে, এখন থেকে এক মাস সব ধরনের সভা, সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ।"
এছাড়াও সিন্ধু প্রদেশে ১৫ দিনের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান এক উচ্চপদস্থ কর্মকর্তা। পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়ে বিরোধীদলের প্রায় ৩০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
এ দমনাভিযানের মুখেও সরকার বিরোধী আইজীবী ও বিরোধী দলগুলো বৃহস্পতিবার দেশব্যাপী মটর শোভাযাত্রা ও লং মার্চের অঙ্গীকার করে। সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করছে তারা। সুপ্রিম কোর্টের ওই বিচারককে ২০০৭ সালে সাবেক সেনা প্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বরখাস্ত করেন।
বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি তাকে পুনর্বহালে অস্বীকৃতি জানানোয় বিরোধী দলের সঙ্গে একাট্টা হয়ে আইনজীবীরা তাদের সমর্থকদের ইসলামাবাদের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, জারদারির আশঙ্কা, ইফতিখারকে পুনর্বহাল করা হলে তিনি তার (জারদারির) প্রতি সাবেক প্রেসিডেন্ট মুশাররফের ঘোষিত সাধারণ ক্ষমা বাতিল করতে পারেন।
বিক্ষোভকারীরা বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের প্রদেশ বেলুচিস্তান ও সিন্ধু থেকে রওনা দিয়ে শুক্রবার পাঞ্জাবে পৌঁছবে এবং সোমবার তারা ইসলামাবাদে পার্লামেন্টের সামনে অবস্থান নেবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই বিক্ষোভকে দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে বর্ণনা করেছেন। সুপ্রিম কোর্ট কিছুদিন আগে শরিফ ও তার ভাই শাহবাজ শরিফের নির্বাচনে অংশগ্রহণের বিরুদ্ধে রায় দেয়। এ রায়ের জন্য নওয়াজ শরিফ প্রেসিডেন্ট জারদারিকে দোষারোপ করেছেন।
ওদিকে, বৃহস্পতিবারের লং মার্চ সহিংসতায় রূপ নিলে সরকার নওয়াজ শরিফের বিচার করার হুমকি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/এলকিউ/এমএইচবি/১৯৫৭ ঘ.
bdnews24