মিয়ামি, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষমতায় আসার পরপরই একবছরের মধ্যে কিউবার গুয়ানতানামো বে বন্দিশিবির বন্ধের নির্দেশ দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা সেখানকার বিচারকাজ চারমাসের জন্য স্থগিত ঘোষণা করেন। কিন্তু থেমে নেই গুয়ানতানামোর বিচারকাজ।
সাবেক প্রেসিডেন্ট বুশের প্রতিষ্ঠিত এবং বহুল সমালোচিত গুয়ানতানামোর বিশেষ ট্রাইবুনালেই বিচারকাজ চলতে থাকবে না কি যুক্তরাষ্ট্রের প্রচলিত সামরিক কিংবা বেসমারিক আদালতে বিচারকাজ স্থানান্তর কার হবে তা নির্ধারণের জন্যই ওই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও গুয়ানতানামোর বিশেষ আদালতে অনেক মামলার বিচারকাজই এখনও চলছে।
গুয়ানতানামো আদালতের প্রধান বিচারক আর্মি কর্নেল স্টিফেন হেনলি মঙ্গলবার বিচারের একটি নথি জনসমক্ষে প্রকাশের নির্দেশ দেন। ওই নথিতে দেখা গেছে, গুয়ানতানামোর পাঁচ বন্দি ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর হামলা ষড়যন্ত্রে নিজেদের অংশগ্রহণ নিয়ে গর্বিতভাবে আদালতে জবানবন্দি দিয়েছে।
সামরিক আইনজীবীরা এই আশায় এখনও বিভিন্ন মামলার নথিপত্র দায়ের করছেন যে, মে মাসের ২০ তারিখে ওবামার স্থগিতাদেশ শেষ হয়ে গেলে দ্রুতই গুয়ানতানামোর বিচার কাজ পুনরায় শুরু হবে।
ওদিকে, আরেকজন বিচারক জুলাই মাসের প্রথম সপ্তাহে তাঞ্জানিয়ার এক আসামীর বিচারপূর্ব শূনানির দিন ঘোষণা করেছেন। ১৯৯৮ সালে তাঞ্জানিয়ায় মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় দেশটির নাগরিক আহমেদ খালাফান ঘাইলানির বিরুদ্ধে হামলাকারীদের সরঞ্জামাদি সরবরাহের অভিযোগে তাকে আটক রাখা হয়েছে।
ওদিকে, পেন্টাগনের এক মুখপাত্র নেভি কমান্ডার জে ডি গর্ডন বলেছেন, নথি দায়ের করা, নথি প্রকাশ কিংবা মামলার শুনানির দিনক্ষণ ধার্য করায় প্রেসিডেন্ট ওবামার আদেশ অমান্য হচ্ছে না। কেননা, ওই আদেশে কেবল নতুন অভিযোগ গঠন কিংবা গুয়ানতানামোর বিশেষ ট্রাইবুনালের শুনানি চলার বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০০ ঘ.
bdnews24