বাগদাদ, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আগামী ছয়মাসে ইরাক থেকে প্রায় ১২ হাজার সেনা কমাবে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী রোববার একথা বলেছে। ২০১০ সালে ইরাকে অভিযান শেষ করার প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনার অংশ হিসাবে এই সেনা প্রত্যাহার করা হবে।
মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আগামী ছয়মাসে যে দুই ব্রিগেড সেনা পুনরায় মোতায়েন করা কথা ছিল তা করা হবে না।
সেনা কর্মকর্তারা বলেছেন, ইরাক থেকে মার্কিন ব্রিগেডের সংখ্যা ১৪ থেকে ১২ তে নামিয়ে আনলে সেখানকার বর্তমান মার্কিন সেনা সংখ্যা ১৪০,০০০ থেকে ১২০০০ এ নেমে আসবে। একটি মার্কিন ব্রিগেডে ৪ হাজার থেকে ৫ হাজার সেনা থাকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা ২০১০ সালের ৩১ আগস্টের মধ্যে ইরাক থেকে বেশির ভাগ সেনা প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা করেছেন। ইরাকি সেনাদের প্রশিক্ষণের জন্য সেখানে রাখা হবে কেবল মাত্র ৩৫ থেকে ৫০ হাজার সেনা।
ইরাকের পরিবর্তে যুক্তরাষ্ট্র এখন আফগানিস্তান যুদ্ধের দিকে মনোনিবেশ করছে। ওবামা গত মাসে আফগানিস্তানে ১৭ হাজার অতিরিক্ত সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৪ ঘ.
bdnews24